সম্পাদকীয়

৭ নভেম্বর চেতনায় দেশ এগিয়ে যাক

১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের মুক্তিকামী জনগণ এবং দেশপ্রেমিক সেনাবাহিনী একটি পরিবর্তনের প্রত্যাশায় রাস্তায় নেমে এসে ভারতীয় আধিপত্যবাদের অনুগত প্রতিবিপ্লবী শক্তির বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়ে আমাদের জাতীয় ইতিহাসের এক নতুন গতিপথ নির্ধারণ করেছিল, যা ছিল একাত্তরের মুক্তিযুদ্ধের লক্ষ্য ও আকাঙ্খার পরিপুরক। একাত্তরের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল গণতন্ত্র, সাম্য, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি-মন্ত্রী ও দলীয় ক্যাডারদের দুর্নীতি-লুটপাটের কারণে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। লাখ লাখ মানুষ অনাহারে মৃত্যুবরণ করে। এহেন বাস্তবতায় জনপ্রিয়তার তলানিতে নেমে যাওয়া প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বহুদলীয় গণতন্ত্রের পথ রুদ্ধ করে একদলীয় বাকশাল গঠন করার পাশাপাশি কয়েকটি সংবাদপত্র রেখে দেশের সব গণমাধ্যম বন্ধ করে দেন। বিরোধীদল জাসদের হাজার হাজার নেতাকর্মীকে গুম-হত্যা করে পরিস্থিতিকে একটি অনিবার্য গণবিস্ফোরণের দিকে নিয়ে যান। তারই প্রেক্ষাপটে সেনা কর্মকর্তাদের একাংশ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শেখ মুজিবকে সপরিবারে হত্যা করে খন্দকার মোশতাক আহমদকে ক্ষমতায় বসায়। ১৫ আগস্ট হত্যাকান্ডের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি ভারতীয় আধিপত্যের নাগপাশ ছিন্ন করে এক গতিপথে যাত্রা শুরু করলেও তা নিয়ে বহুমুখী চক্রান্ত- ষড়যন্ত্র সক্রিয় ছিল। মাত্র আড়াই মাসের মাথায় ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে একটি প্রতিবিপ্লব সংঘটিত হয়। ১৫ আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র, সুশাসন ও জনপ্রত্যাশা পুরণের যে সুযোগ তৈরী হয়েছিল প্রতিবিপ্লবের লক্ষ্য ছিল তা নস্যাৎ করা। তারই প্রতিক্রিয়ায় জাসদ সমর্থিত বিপ্লবী সৈনিক সংস্থার অতি উৎসাহী সেনা সদস্যরা খালেদ মোশাররফকে হত্যা ও খোন্দকার মোশতাককে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখলের চেষ্টা করলেও দেশের জনগণ এবং সেনাবাহিনীর সমর্থন জেনারেল জিয়াউর রহমানের পক্ষে থাকায় তিনি বন্দিদশা থেকে মুক্ত হন এবং দেশের নেতৃত্ব তার উপর অর্পিত হয়। ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব জেনারেল জিয়াউর রহমানকে ক্ষমতায় নিয়ে আসে। তিনি তার জন্য প্রস্তুত ছিলেন না। অথচ, ভাগ্যচক্রে ক্ষমতা তার পদচুম্বন করে। দেশের সৌভাগ্যই বলতে হবে, তার মতো একজন সৎ, সাহসী, যোগ্য, বিচক্ষণ ও দূরদর্শী নেতা লাভ করে। তিনি বাংলাদেশের নবজন্মদাতা। বাংলাদেশকে নতুন করে গঠনে দৃঢ়প্রত্যয় নিয়ে তিনি তার কাজ শুরু করেন। আদিপত্যবাদী শক্তির কবল থেকে দেশকে মুক্ত রাখা, জাতীয় পরিচয় নির্ধারণ করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ব্রত গ্রহণ করেন। তিনি বৈদেশিক সম্পর্কের নতুন ভিত্তি রচনা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন প্রবর্তন করেন তিনি, যার মাধ্যমে আমাদের জাতীয় পরিচয় নির্ণিত হয়। উৎপাদনের বিপ্লব সাধন করে অর্থনৈতিকভাবে দেশকে স্বাবলম্বী করার লক্ষ্য নির্ণয় করেন তিনি। গার্মেন্ট রপ্তানি, জনশক্তি রপ্তানি, সব দেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের নীতি গ্রহণ করেন। তার অনুসৃত নীতির কারণে অচিরেই বাংলাদেশ বিশ্ব পরিম-লে গুরুত্বপূর্ণ আসনে অধিষ্ঠিত হয়। দেশে এযাবত যাকিছু কল্যাণকর, মঙ্গলজনক এবং জাতীয় আত্মপ্রতিষ্ঠার অনুকূলে হয়েছে, জিয়াউর রহমানই তার সূচনা করেছেন। বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলা তারই অবদান। তার প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল এখন ক্ষমতায়। তার সুযোগ্য সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী। প্রসঙ্গক্রমে বলা আবশ্যক যে, জিয়াউর রহমান যে নীতি, আদর্শ ও কর্ম রেখে গেছেন, বেগম খালেদা জিয়া হুবহু তা অনুসরণ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার মহান পিতা-মাতার আদর্শ অনুসরণ করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ। তাদের দেখানো পথই তিনি অনুসরণ করছেন। চীনের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেন জিয়াউর রহমান। তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে চীনকে দ্বিতীয় দেশ হিসেবে বেছে নেন। চীনে তিনি বিপুলভাবে সম্মানিত ও গৃহীত হন। চীন বাংলাদেশকে সহযোগিতা করার যে আশ্বাস দিয়েছে, তা কাজে লাগাতে পারলে বাংলাদেশকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। বাংলাদেশের জন্য যা উন্নতি ও সমৃদ্ধি তার অধিকাংশই বিএনপি শাসনামলে হয়েছে। দেশবাসী আশা করে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি উন্নয়নের নবজোয়ার সৃষ্টি করবে। দেশের যত সুনাম, সুখ্যাতি, প্রতিষ্ঠা, উন্নতি ও বিকাশ তার সূচনায় রয়েছে ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ভূমিকা। সেদিনের ঐতিহাসিক পরিবর্তনের সূত্র ধরে তারেক রহমানের নেতৃত্বে দেশ সামনে এগিয়ে যাবে, এটাই আজকের জনপ্রত্যাশা।
 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট