রাজশাহীর বাজারে প্রচুর শীতকালীন সবজি ন্যায্যমূল্য না পাওয়ার অভিযোগ কৃষকদের

স্টাফ রিপোর্টার

রাজশাহীর খড়খড়ি বাইপাস পাইকারি বাজারসহ সব বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে কমতে শুরু করেছে দাম। এতে সাধারণ ক্রেতারা কিছুটা স্বস্তি পেলেও উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। সার, জমি বর্গা, শ্রমিক ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় কম দামে সবজি বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে তাঁদের।

গতকাল শনিবার  সকালে  খড়খড়ি বাইপাস পাইকারি বাজার ঘুরে দেখা যায়, বাজারে শীতকালীন নতুন সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ফলে গত কয়েক দিন বা সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম উল্লেখযোগ্য হারে কমেছে।

বাজারের তথ্য অনুযায়ী, বর্তমানে ফুলকপি পাইকারিতে প্রতি কুইন্টাল ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। সে হিসাবে কেজিপ্রতি পাইকারি দাম ১৫ থেকে ২০ টাকা। খুচরা বাজারে প্রতি কেজি ফুলকপির দাম ২০ থেকে ৩০ টাকা। অন্যদিকে মূলা পাইকারিতে প্রতি কুইন্টাল ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা এবং মাঠপর্যায়ে কোনো কোনো কৃষককে প্রতি কেজি মূলা মাত্র ৫ টাকায় বিক্রি করতে হচ্ছে। পটল প্রতি কুইন্টাল ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা এবং কাঁচামরিচ কেজিপ্রতি ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

কৃষকদের অভিযোগ, উৎপাদন খরচের তুলনায় বর্তমান বাজারদর অনেক কম। সারসহ কৃষি উপকরণের দাম বৃদ্ধিতে চাষাবাদের ব্যয় বেড়েছে। এক কৃষক জানান, আগে ১ হাজার ২০০ টাকার সার কিনতে হলেও এখন একই সার কিনতে হচ্ছে প্রায় ১ হাজার ৮০০ টাকায়। জমি বর্গা, চাষাবাদ ও অন্যান্য খরচ মিলিয়ে প্রতি কেজি সবজির উৎপাদন খরচ দাঁড়াচ্ছে প্রায় ১০ থেকে ১২ টাকা।

এক স্থানীয় চাষি ক্ষোভ প্রকাশ করে বলেন, ভ্যানভাড়া ও বাজারের খাজনা পরিশোধের পর হাতে তেমন কিছুই থাকবে না। প্রতি মণ মূলা ২০০ টাকা, অর্থাৎ কেজিপ্রতি ৫ টাকায় বিক্রি করে উৎপাদন খরচ তোলা সম্ভব নয়। বাজার সংশ্লিষ্টদের মতে, মৌসুমি সবজির উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাজারে দাম কমেছে। তবে উৎপাদন খরচের তুলনায় বিক্রয়মূল্য কম হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা।

এ পরিস্থিতিতে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার তদারকি জোরদার, পাইকারি ও খুচরা বাজারের দামের ব্যবধান কমানো এবং কৃষিপণ্য সংরক্ষণ ও সরাসরি বিপণনের কার্যকর ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে সবজি চাষে কৃষকদের আগ্রহ কমে যেতে পারে, যার প্রভাব পড়বে দেশের কৃষি উৎপাদন ও খাদ্য সরবরাহ ব্যবস্থায়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট