নগরীতে অপহরণ করে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে একই পরিবারের দুই ভাইকে অপহরণ, মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং মোবাইল ফোন ফেরত দেওয়ার বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগে হামিদুর রহিম পাপ্পু (৩৬) কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি নগরের রাজপাড়া থানাধীন বহরমপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। গ্রেপ্তারের পর তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে অনলাইন জুয়া খেলার ৫টি অ্যাপস এবং জুয়া-সংক্রান্ত আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর রাত আনুমানিক দেড়টার দিকে রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকার গ্রীন সিটি হাসপাতালের বিপরীত পাশে একটি চায়ের দোকানের সামনে থেকে মোঃ ওমর ফারুক ও তার ভাই মোঃ মেহেদী হাসানকে হামিদুর রহিম পাপ্পুসহ তিনজন জোরপূর্বক অপহরণ করে একটি আবাসিক হোটেলের কক্ষে নিয়ে যায়। সেখানে তাদের মারধর করে মেহেদী হাসানের কাছে থাকা দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ছাড়া তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ৩৯০ টাকা নিজেদের অ্যাকাউন্টে স্থানান্তর করে।

মোবাইল ফোন ফেরত দেওয়ার বিনিময়ে অভিযুক্তরা ২০ হাজার টাকা দাবি করে। একপর্যায়ে মেহেদী হাসানের হাতে দুটি ইয়াবা ট্যাবলেট দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ভিডিও ধারণ করে এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। পরে ১২ হাজার টাকা আদায় করে একটি মোবাইল ফোন ফেরত দিলেও অবশিষ্ট ৮ হাজার টাকা দিলে অপর আরও ১টি মোবাইল ফোন ফেরত দেওয়ার কথা জানায়। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ ওমর ফারুক রাজপাড়া থানায় হামিদুর রহিম পাপ্পুসহ তিনজনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় মহানগর ডিবি পুলিশের একটি দল গত ৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টায় রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকার এমডিসি ডায়াগনস্টিক সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে হামিদুর রহিম পাপ্পুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তার হেফাজতে থাকা ১টি মোবাইল ফোন তল্লাশি করে অনলাইন জুয়া খেলার ৫টি অ্যাপস ইনস্টল পাওয়া যায়। প্রাথমিক অনুসন্ধানে এসব অ্যাপস ব্যবহার করে অনলাইন জুয়া খেলার পাশাপাশি ০১৯৭০৮২২০৮৮ নম্বরের এমএফএস অ্যাকাউন্টের মাধ্যমে জুয়া-সংক্রান্ত আর্থিক লেনদেনের তথ্য পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের সঙ্গে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া কার্যক্রমে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামের বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের রাজপাড়া থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট