বাঘায় নকল ও ভেজাল সাপ্লিমেন্টের কারখানা, জব্দকৃত ২ কোটি টাকার পণ্য পুড়িয়ে ধ্বংস

বাঘা প্রতিনিধি:

বাঘা আড়ানী সড়ক সংলগ্ন তালাবদ্ধ ঘর বাইরে থেকে বোঝার উপায় নাই ঘরের ভিতরে নকল ভেজাল পণ্য তৈরি হয়। একটি মামলার সুত্র ধরে অনুসন্ধানে প্রকাশ্যে আসে নকল ভেজাল তৈরির কারখানা।

দীর্ঘ দিন ধরে যুক্তরাজ্য, জাপান, যুক্তরাষ্ট্র, কোরিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের নামি-দামি প্রতিষ্ঠানের ব্র্যান্ড নকল করে ভেজাল ফুড সাপ্লিমেন্ট তৈরি হতো  রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের বাঘা ফায়ার সার্ভিসের পাশে বাঘা-আড়ানী সড়কের পাশে চক সিঙ্গা গ্রামের একটি ভাড়া বাড়িতে। বাজারজাত করণের জন্য আরেকটি বাসা ভাড়া নেওয়া হয় একই ইউনিয়নের বাউসা হেদাতীপাড়া গ্ৰামের ফাঁকা জায়গায়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর অভিযান চালিয়ে জব্দ করা প্রায় দুই ট্রাক পণ্য ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে যা পাওয়া গেল: বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যার নেতৃত্বে রাজশাহী ঔষধ প্রশাসন অধিদপ্তরের জেলা তত্ত্বাবধায়ক মেহেদী আফজাল এবং বাঘা থানা-পুলিশের সহায়তায় কারখানাটিতে অভিযান চলছে। তালা খুলে ভেতর থেকে তৈরি পণ্য, ঔষধ তৈরির যন্তপাতি ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) জানান, জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। এর মধ্যে প্রায় দুই ট্রাক পণ্য ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

ঔষধ প্রশাসনের কর্মকর্তা মেহেদী আফজাল জানান, চক্রটি বিদেশি ব্র্যান্ড নকল করে ফুড সাপ্লিমেন্টের নামে এসব পণ্য তৈরি করছিল। প্রতিটি প্যাকেটের দাম ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। কারখানায় পাওয়া ‘কারকুমা’ নামের একটি প্যাকেটের দাম ২ হাজার ১৭০ টাকা, কোরিয়ান প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা একটি পণ্যের দাম ২ হাজার ৩৯৯ টাকা এবং মালয়েশিয়ার নাম ব্যবহার করা আরেকটি পণ্যের দাম ২ হাজার ২৯০ টাকা লেখা রয়েছে। এসব পণ্য মূলত অনলাইনে বিক্রি করা হতো। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রেতাদের কাছে পাঠানো হতো। অভিযানে কুরিয়ারে পাঠানোর জন্য প্রস্তুত করা প্যাকেটও জব্দ করা হয়েছে। তিনি জানান বিষয়টি ভোক্তা অধিকত দপ্তরের আওতাভুক্ত। তাই তারা বিষয়টি আমলে নিয়ে মামলা করতে পারেন না । তবে ট্যাবলেট তৈরির একটি যন্ত্র ভারির কারণে না সরিয়ে যন্ত্রটি অকেজো করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এলাকাবাসীর দাবি, শুধু শ্রমিক ধরে আর পণ্য পুড়িয়ে এই চক্র বন্ধ হবে না। এর পেছনে থাকা মূল হোতাদের গ্রেফতার করে নিয়মিত মামলা করতে হবে, নইলে বাঘা আবারও ভেজালের নিরাপদ স্বর্গ হয়ে উঠবে। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, পুলিশের নাম ভাঙিয়ে টাকা নেওয়ার কথা শুনেছি। বিষয়টি আমলে নিয়ে ওই ব্যক্তির  খোঁজ নেওয়া হচ্ছে। তিনি বলেন, কোন পুলিশ সদস্য টাকা নেওয়ার সাথে জড়িত নয়। এ বিষয়ে ভুক্তভোগী মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট