ঢাকায় আনা হলো অসুস্থ ভূমিমন্ত্রীকে

নতুন প্রভাত ডেক্স:

অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাকে ঢাকায় আনা হয়। পরে তাকে পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে বিমানবন্দরে নিয়ে যান পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

শফিকুল হক মিলন গণমাধ্যমকে জানান, কয়েক দিন আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন ভূমিমন্ত্রী। সেখানে তাকে দেওয়া ওষুধ ব্যবহারে সম্ভাব্য ত্রুটি-বিচ্যুতির কারণে তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। এ কারণে গত কয়েক দিন ধরে তাকে রক্ত দিতে হচ্ছিল।

তিনি আরও জানান, দুই দিন আগে প্রধানমন্ত্রী রাজশাহী সফরে এলে অসুস্থতা সত্ত্বেও ভূমিমন্ত্রীকে সেখানে উপস্থিত থাকতে হয়েছিল। এতে তার শারীরিক পরিশ্রমও হয়। রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাকে নিয়মিত পর্যবেক্ষণে রাখছিলেন। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।

ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেনও বিষয়টি নিশ্চিত করে জানান, উন্নত চিকিৎসার জন্য মন্ত্রীকে রাজশাহী থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। ঢাকার পিজি হাসপাতালে তার চিকিৎসা চলবে।

এর আগে বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে ভূমিমন্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলছিল। রক্তশূন্যতার কারণে তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট