নতুন কোচ পেলেন শান্ত-লিটনরা
নতুন কোচ পেলেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা। সহকারী কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার মালিবাংওয়ে মাকেতার নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার সঙ্গে ২ বছরের চুক্তি হয়েছে। দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে কখনোই খেলার সুযোগ পাননি মাকেতা। ৪৫ বছর বয়সী কোচের ঘরোয়া ক্রিকেটের ক্যারিয়ারও সমৃদ্ধ নয়। প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ মিলিয়ে মাত্র ২টি ম্যাচ খেলেছেন তিনি। তবে কোচ হিসেবে ঘরোয়া, আন্তর্জাতিক এবং হাই-পারফরম্যান্স মিলিয়ে ২ দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে।
বাংলাদেশের কোচ হতে পেরে দারুণ রোমাঞ্চিত মাকেতা। তিনি বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হতে পেরে আমি আনন্দিত। আমার ওপর বিশ্বাস ও আস্থা রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দলের সাফল্যে ইতিবাচক অবদান রাখতে মুখিয়ে আছি।’ প্রধান কোচ ফিল সিমন্সসহ অন্যদের সঙ্গে জুটি বেঁধে ক্রিকেটারদের কাছ থেকে সেরাটা বের করে আনতে চান মাকেতা। ৪ দিন পরই ৪৭তম জন্মদিন পালনের অপেক্ষায় থাকা কোচ বলেছেন, ‘আমাদের দলটি তরুণ এবং অত্যন্ত সম্ভাবনাময়। হেড কোচ ফিল (সিমন্স) ও কোচিং স্টাফের বাকি সদস্যদের সঙ্গে কাজ করে খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে এবং তাদের ধারাবাহিক উন্নতিতে সহায়তা করতে আমি উন্মুখ। সুযোগ দেওয়ায় আবারও ধন্যবাদ। নতুন এই সফর শুরু করতে এবং বাংলাদেশ ক্রিকেট দলের জয়ে অবদান রাখতে আমি দারুণ রোমাঞ্চিত।’ ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের সহকারী কোচ ছিলেন মাকেতা। তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের আন্তর্জাতিক মানের গড়ে তুলতে বিশেষ সুনাম রয়েছে তার। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব সামলানোর পাশাপাশি দেশটির ন্যাশনাল একাডেমিতে কাজ করার সময় তরুণদের হাই-পারফরম্যান্স স্তরে উন্নীত করার সুনামও রয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) লেভেল-৪ ডিগ্রিধারী কোচের। ফ্র্যাঞ্চাইজি ও প্রাদেশিক ক্রিকেটেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার।
আগামী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ে। বিশ্বকাপের কন্ডিশন মাথায় রেখেই মাকেতাকে দায়িত্ব দেওয়া। এখন দেখার বিষয় আইসিসির টুর্নামেন্টটিতে কেমন করবেন শান্ত-লিটনরা। সূত্র: কালের কন্ঠ
