পরপর দুই ককটেল বিস্ফোরণের পর অভিযান চালিয়ে উদ্ধার আরও ১১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়া এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আরও ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) সকালে কবিরাজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে অবিস্ফোরিত ককটেলগুলো উদ্ধার করে।স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়া ও শেখপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা চলছিল। এর মধ্যেই শুক্রবার সকালে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল ওদুদ ও জালাল উদ্দীনের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি ওই বিরোধ আরও তীব্র হয়েছে।সংঘাতে জড়ানোর উদ্দেশ্যে ককটেলগুলো মজুত করা হয়ে থাকতে পারে বলে দাবি স্থানীয়দের। তবে এ ঘটনায় পুলিশ কাউকে দায়ী করেনি।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১১টি ককটেল উদ্ধার করেছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে।
