অগ্রাধিকার ভিত্তিতে হরিয়ানের উন্নয়ন করা হবে : এমপি মিলন
স্টাফ রিপোর্টার
পবার হরিয়ান হচ্ছে বিএনপির একটি উর্বর ভূমি। এছাড়াও হরিয়ান শহরের প্রাণকেন্দ্র হিসেবেও খ্যাত। এজন্য অগ্রাধিকার ভিত্তিতে হরিয়ান ইউনিয়নের উন্নয়ন করা অতি জরুরী হয়ে পড়েছে। গতকাল শনিবার দিনব্যাপী পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি এমপি হলে জনগণকে আমার দোরগোড়ায় আসতে হবে না, আমিই জনগণের দোরগোড়ায় যাব। আমি আমার সেই প্রতিশ্রুতি রক্ষা করে যাচ্ছি। বিএনপি জনগণের দল। বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখনই দেশের উন্নয়ন হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশের উন্নয়নের ধারা শুরু করেছিলেন, তা অব্যাহত রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাদেরই উত্তরস্বরি হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নের জন্য সকাল ৯টার আগে থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত নিরলস কাজ করে চলছেন।
গতকাল শনিবার সকালে মোসলেমের মোড়ে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে দিনব্যাপী এই কর্মসূচি শুরু করেন সংসদ সদস্য। এরপর তিনি আশরাফের মোড়, তেঁতুলতলা এবং সুচারণ প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। তিনি এলাকাবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের প্রতিশ্রুতি দেন।
পরে তিনি হরিয়ান সুগার মিল শ্রমিক ইউনিয়নের সঙ্গেও মতবিনিময় করেন। এ সময় শ্রমিকরা তাদের চাকরি স্থায়ীকরণ এবং সুগার মিলে পর্যাপ্ত আখ সরবরাহের ব্যবস্থা করার জোর দাবি জানান। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে এমপি মিলন জানান, ইতোমধ্যে চাকরি স্থায়ীকরণের জন্য তিনি ডিও লেটার প্রদান করেছেন এবং আগামীতে শ্রমিকদের কল্যাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য আলী হোসেন, সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, হরিয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য সচিব বাদশা মিয়া, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাবু এবং সাবেক সাংগঠনিক সম্পাদক জামান আসাদুল।
