বড়াইগ্রামে চার দফা দাবিতে মানববন্ধন
বড়াইগ্রাম প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যানের অপসারণসহ ৪ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বনপাড়া বাজারে ‘ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম’-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যানের অবিলম্বে অপসারণ, ব্যাংক পরিচালনার জন্য একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ (বোর্ড) গঠন, বিতর্কিত এস আলম গ্রুপ কর্তৃক দখলকৃত শেয়ার বাজেয়াপ্ত করে মূল ও প্রকৃত মালিকদের কাছে তা ফিরিয়ে দেওয়া এবং ব্যাংকের ভেতরে অবস্থানরত দালাল চক্রকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানান।
কর্মসূচিতে ইসলামী ব্যাংকের স্থানীয় গ্রাহক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ব্যাংকটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে অনতিবিলম্বে এসব দাবি মেনে নিতে হবে; অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
