নগরীতে পুলিশের অভিযানে ২০ মামলার আসামী ‘ভগা মিলনসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে দেশীয় তৈরি চোলাইমদ, জেবিস্ক্যান সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া ও এয়ারপোর্ট থানা পুলিশ। এ সময় ১৯টি মাদক মামলার আসামি হিসেবে উল্লেখ করা ‘ভগা মিলন’সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি ব্যাটারিচালিত অটো, একটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়।
নগর পুলিশ জানায়, গত রোববার সকাল ১১টার দিকে দামকুড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে কাশিয়াডাঙ্গা (আখ সেন্টার) গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে রাজ্জাককে (৩৫) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটো ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। রাত ১০টার দিকে পুরাতন কসবা এলাকায় অভিযান চালিয়ে মৃত আবুল কালামের ছেলে মিলন ওরফে ভগা মিলনকে (৫৫) গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে ১৫ বোতল জেবিস্ক্যান সিরাপ উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী রাজু (৩৮) পালিয়ে যায়। পুলিশের দাবি, মিলন ও রাজু দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে মাদক ব্যবসা করে আসছিলেন।
পুলিশ আরও জানায়, মিলনের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পেনাল কোড আইনে ২০টি মামলা রয়েছে। পলাতক রাজুর বিরুদ্ধেও আরএমপির দামকুড়া ও কাশিয়াডাঙ্গা থানা এবং রাজশাহীর গোদাগাড়ী থানায় একাধিক মাদক ও বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে।
অন্যদিকে, সন্ধ্যা ৭টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশ মাঝিগ্রাম (মধ্যপাড়া) এলাকায় অভিযান চালিয়ে রাজু আহমেদকে (২৯) গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৬০টি ট্যাপেন্টাডল ও ৪০টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ১ হাজার ৬৯০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।
