নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় এক আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জামাল উদ্দিন (৪৫) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানা পুলিশ। গত শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
নগর পুলিশ জানায়, গত ৭ সেপ্টেম্বর ভোরে নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন ভদ্রা মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। স্থানীয় লোকজন ও বাদী মিছিলে বাধা দিলে তাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
পরে বাদী বিষয়টি পুলিশকে জানানোর চেষ্টা করলে অভিযুক্তরা তাকে মারধরের উদ্দেশ্যে এগিয়ে আসে। এতে ভীত হয়ে বাদী ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পুনরায় সক্রিয় করার উদ্দেশ্যে মিছিল ও প্রচার-প্রচারণা এবং এ-সংক্রান্ত ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বোয়ালিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।
মামলাটি তদন্তকালে সাক্ষ্য-প্রমাণ, সাক্ষীদের বক্তব্য ও গোপন তথ্যের ভিত্তিতে গত শনিবার রাত ১০টার দিকে চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একই গ্রামের মৃত আশ্রাফ আলীর ছেলে মো. জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। জামাল উদ্দিন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী। জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার জামাল উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
