ট্রিপল সেঞ্চুরি করে বাংলাদেশের  টেস্ট দলে ফিরলেন হৃদয়

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে অপরাজিত ৩৫০ রানের ইনিংস উপহার দেন তাওহিদ হৃদয়, যা বিদেশের মাটিতে তো বটেই; প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ। মহাকাব্যিক সেই ইনিংসের পুরস্কার হাতেনাতেই পেলেন হৃদয়। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াডে জায়গা হয়েছে তার। গত জুনে জিম্বাবুয়ে সফরে টেস্ট অভিষেক হয় হৃদয়ের। সেই ম্যাচের দুই ইনিংসে ৩ ও ৯ রান করে আউট হন। এরপর অস্ট্রেলিয়া সফরে দলে জায়গা হারান।

উইকেটকিপার-ব্যটার জাকের আলীও দলে ফিরেছেন। অস্ট্রেলিয়া সফরে ডারউইন টেস্টের স্কোয়াডে থাকলেও তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। এরপর দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে খেলেছেন জাকের। এক ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেন ৯৪ রান। তবে চোট কাটিয়ে ফিরতে পারেননি নাহিদ রানা। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেও ছিলেন আলোচিত এই ফাস্ট বোলার। পেসার তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে পেস বোলিংয়ের দায়িত্ব থাকছে হাসান মাহমুদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদের ওপর। স্পিনার হিসেবে থাকছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। দলে জায়গা ধরে রেখেছেন ওপেনার সৌম্য সরকার। এ ছাড়া বাকি দুই ওপেনার হলেন তানজিদ হাসান ও সাদমান ইসলাম। রিজার্ভ সদস্য হিসেবে দলের সঙ্গে রাখা হয়েছে স্পিনার নাঈম হাসান এবং দুই পেসার মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমনকে।

আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্ট। তবে ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।  আফগানিস্তানের বিপক্ষে এর আগে দুটি টেস্ট খেলেছে বাংলাদেশ; দুটিই দেশের মাটিতে। ২০১৯ সালে চট্টগ্রামে বাংলাদেশকে ২২৪ রানে হারায় আফগানিস্তান। ২০২৩ সালে মিরপুরে আফগানিস্তানকে ৫৪৬ রানে হারায় বাংলাদেশ।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, জাকের আলী, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম। রিজার্ভ: নাঈম হাসান, মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন। সূত্র: কালের কন্ঠ

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট