বড়াইগ্রামে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
বড়াইগ্রাম প্রতিনিধি
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে নাটোরের বড়াইগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার কলেজ, স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন নাটোর জেলা শিক্ষা কর্মকর্তা মো. রোস্তম আলী হেলালী। সভায় সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।এসময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম থানা তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমানসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সাংবাদিক সুধীজন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বলেন, জাতির উন্নয়নের মূল ভিত্তি মানসম্মত শিক্ষা। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতায় গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
