নগরীতে অনলাইন জুয়ায় জড়িত দুইজন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
অনলাইন জুয়া প্রতিরোধে অভিযান চালিয়ে দুই অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিশেষ টিম। এ সময় অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই গ্রামের মো. শাহিন উদ্দিনের ছেলে মো. সোহেল (৩৮) এবং মো. আব্দুস সামাদের ছেলে মো. ওয়াসিম (৩৫)।
নগর পুলিশ জানায়, অভিযানের সময় সোহেলের হেফাজত থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে ফোনটি তল্লাশি করে বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং হিসাবের সঙ্গে ব্যবহৃত তিনটি মোবাইল নম্বর, একটি জিমেইল আইডি এবং অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত সাতটি অ্যাপ পাওয়া যায়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
