ম্যাচ বাতিলের পরও মাঠে নামছে বাংলাদেশ-চীন
এশিয়া গেমসের কোয়ার্টারা ফাইনালে চীনের বিপক্ষে না খেলেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃষ্টি বাগড়ায় বৃষ্টি পরিত্যক্ত হওয়ার পর র্যাঙ্কিং সুবিধা পেয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। তবে ম্যাচ বাতিলের পরও চীন নারী দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
এশিয়ান গেমসে বাংলাদেশের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ বলেন, ‘চীনের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ নারী দল আগামীকাল শনিবার একটি প্রীতি ম্যাচে অংশ নেবে। এটি গেমসের কোনো আনুষ্ঠানিক ম্যাচ নয়। বাংলাদেশ ও চীন দুই দেশের পারস্পরিক সম্পর্কের জন্য এই ম্যাচ হচ্ছে।’ আজ বিকেলে এশিয়ান গেমসের উদ্বোধন হবে। এরপর সকালে চীনের সঙ্গে ম্যাচ। এ বিষয়ে ইমরোজ বলেন, ‘উদ্বোধনীর দিনে এমনিতে ব্যস্ততা থাকে। এরপর আবার সকালে খেলা থাকায় বাড়তি খেয়াল রাখতে হবে। বিসিবি সভাপতি ও নারী উইংয়ের চেয়ারম্যানের পরামর্শ করেই এই প্রীতি ম্যাচ হচ্ছে।’ এশিয়ান গেমসে অনেক অব্যবস্থাপনা চলছে। বিশেষ করে আবাসন নিয়ে সমস্যা ব্যাপক। বাংলাদেশ আবাসন নিয়ে সমস্যা না হলেও খাবার এবং যাতায়াতে খানিকটা বিড়ম্বনায় পড়ছে, জানিয়ে তিনি আরও বলেন, ‘বাস অনেক সময় বিলম্বে পৌঁছায়। তখন খাবার না থাকার বা অপর্যাপ্ত হওয়ার ঘটনা ঘটছে। পাশাপাশি হালাল খাবার সীমিত হওয়ায় সেটাও অনেক সময় প্রয়োজনের তুলনায় কম হচ্ছে।’ ‘মিটিংয়ে প্রতিদিন আলোচনা হচ্ছে, সমস্যাগুলো কমিয়ে আনার চেষ্টা করছে স্বাগতিক ও আয়োজকরা। কিন্তু তারা আইন বা যেটা লিপিবদ্ধ- সেটাই বাস্তবতার সঙ্গে সেভাবে সমন্বয় করতে চান না।’
