শিক্ষামন্ত্রীর অসন্তোষে এলএলবি পরীক্ষার ফি কমাল জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নির্ধারিত ফি নিয়ে শিক্ষামন্ত্রীর অসন্তোষ প্রকাশের একদিন পরই পরীক্ষার ফি কমিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০২৪ সালের এলএলবি শেষ পর্ব এবং ২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তিতে তাত্ত্বিক প্রতিপত্রের ফি কমানোর পাশাপাশি ফরম পূরণ ও ফি জমা দেওয়ার সময়সূচিও পুনর্র্নিধারণ করা হয়েছে। এলএলবি পরীক্ষার ফি নিয়ে শিক্ষার্থীদের মধ্যেও অসন্তোষ দেখা দেয়। দেশের বিভিন্ন স্থানে অতিরিক্ত ফি কমানোর দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এর মধ্যেই মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এলএলবি পরীক্ষার ফি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এর পরদিন বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে এলএলবি পরীক্ষার ফি সংক্রান্ত পৃথক দুটি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ২০২৪ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষায় তাত্ত্বিক প্রতিপত্রপ্রতি ফি ১ হাজার ২০০ টাকা থেকে কমিয়ে ৯৭৫ টাকা করা হয়েছে।

সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষায় প্রতিপত্রের তাত্ত্বিক পরীক্ষার ফি ৯৭৫ টাকা, মানউন্নয়ন পরীক্ষার্থীদের প্রতিপত্রপ্রতি ফি ২ হাজার টাকা, মুটকোর্ট ট্রায়াল ও মৌখিক পরীক্ষার ফি ৯০০ টাকা এবং এর কেন্দ্র ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কেন্দ্র ফি ৮০০ টাকা এবং ট্রান্সক্রিপ্ট ও সাময়িক সনদপত্রের জন্য ১ হাজার টাকা দিতে হবে। মুটকোর্ট ট্রায়াল ও মৌখিক পরীক্ষার ৬০০ টাকা কেন্দ্র ফির মধ্যে কলেজে ১০০ টাকা এবং কেন্দ্রে ৫০০ টাকা জমা হবে। আর ৮০০ টাকা কেন্দ্র ফির মধ্যে কলেজে জমা হবে ১০০ টাকা এবং কেন্দ্রে ৭০০ টাকা। ট্রান্সক্রিপ্ট ও সাময়িক সনদপত্রের ১ হাজার টাকার মধ্যে সনদের জন্য ৫০০ টাকা এবং ট্রান্সক্রিপ্টের জন্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২০-২০২১ শিক্ষাবর্ষের অকৃতকার্য বা অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য বিশেষ অন্তর্ভুক্তি ফি ৫ হাজার টাকা রাখা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষায় প্রতিপত্রপ্রতি পরীক্ষার ফি ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মানউন্নয়ন পরীক্ষার্থীদের প্রতিপত্রপ্রতি ফি ২ হাজার টাকা, ট্রান্সক্রিপ্ট ফি ৫০০ টাকা এবং কেন্দ্র ফি ৮০০ টাকা। এ কেন্দ্র ফির ৭০০ টাকা কেন্দ্রে এবং ১০০ টাকা সংশ্লিষ্ট কলেজে জমা হবে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষের অকৃতকার্য বা অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য বিশেষ অন্তর্ভুক্তি ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সংশোধিত সময়সূচি অনুযায়ী, পরীক্ষার্থীরা ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। ২১ ও ২২ সেপ্টেম্বর কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের তথ্য অনলাইনে এন্ট্রি ও নিশ্চয়ন করবে। এরপর ২৩ ও ২৪ সেপ্টেম্বর ‘সোনালী সেবা’র মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ফি জমা দিতে হবে। ‘সোনালী সেবা’ ছাড়া অন্য কোনো মাধ্যমে ফি জমা দেওয়া যাবে না।

এর আগে ১৩ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিতে ২০২৪ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষায় তাত্ত্বিক প্রতিপত্রপ্রতি ফি ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই বিজ্ঞপ্তিতে মানউন্নয়ন পরীক্ষার্থীদের প্রতিপত্রপ্রতি ২ হাজার টাকা, মুটকোর্ট ট্রায়াল ও মৌখিক পরীক্ষার ফি ৯০০ টাকা, কেন্দ্র ফি ৮০০ টাকা এবং ট্রান্সক্রিপ্ট ও সাময়িক সনদপত্রের জন্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়। সংশোধিত বিজ্ঞপ্তিতে তাত্ত্বিক প্রতিপত্রের ফি কমানো হলেও অন্য ফিগুলো অপরিবর্তিত রাখা হয়েছে। পরীক্ষার আবেদন ফরম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের বসং.হঁ.ধপ.নফ থেকে সংগ্রহ করতে হবে। অনলাইনে তথ্য পূরণের পর প্রিন্ট কপি যাচাই করে কলেজের অধ্যক্ষের স্বাক্ষর নিতে হবে। আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র কলেজে সংরক্ষণ করতে হবে। ফরম পূরণের সময় বিষয় কোডসহ সব তথ্য যাচাই করে দেওয়ার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও প্রবেশপত্র বিতরণের তারিখ পরবর্তী সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট