আরএমপির অপরাধ পর্যালোচনা সভা
স্টাফ রিপোর্টার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আগস্ট/২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
সভায় মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আগস্ট মাসের অপরাধচিত্র এবং অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় মামলা যথাযথভাবে রুজু, দ্রুত তদন্ত সম্পন্ন, নির্ভুল পুলিশ রিপোর্ট দাখিল, মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও আসামি গ্রেপ্তারসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিজ্ঞ আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশি সেবা গ্রহণে জনগণ যাতে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন পুলিশ কমিশনার মহোদয়। একই সঙ্গে পুলিশ ক্লিয়ারেন্স সেবা স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে প্রদান এবং কোনো পুলিশ সদস্য যাতে অনুমতি ব্যতীত নিজ কর্মস্থলে অনুপস্থিত না থাকেন, তা নিশ্চিত করার জন্যও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন পুলিশ কমিশনার।
মহানগরীর যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে হাইড্রোলিক হর্নের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন পুলিশ কমিশনার। পাশাপাশি অনুমোদনহীন যানবাহন-শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি, ট্রাক্টর, নছিমন, করিমনসহ অন্যান্য যানবাহনের চলাচল বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ এবং আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়।
মহানগরীর সকল আবাসিক হোটেলে নজরদারি জোরদার করে সেখানে যাতে কোনো ধরনের জুয়ার আসর বসতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন পুলিশ কমিশনার মহোদয়। একই সঙ্গে বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করে নগরীর ঘরে ঘরে আইনি সহায়তা পৌঁছে দেওয়া এবং জনগণের সঙ্গে পুলিশের কার্যকর সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সভায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, সকল উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
