নগরীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অপহরণ মামলার ভিকটিমকে উদ্ধার ও  মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, রাজশাহী। গ্রেফতারকৃত আসামির নাম তনয় তানভীর নয়ন (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ঝালমাছমারী এলাকার আবুল কালাম আজাদের ছেলে। গতকাল রোববার দিবাগত রাত ১০টার দিকে তাকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন মহানন্দা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মামলার এজাহারে বরাত দিয়ে র‌্যাব জানায়, তনয় তানভীর নয়ন বাদীর কন্যাকে স্কুলে আসা-যাওয়ার পথে বিভিন্ন সময় উত্ত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। বিষয়টি আসামির অভিভাবকদের একাধিকবার জানানো হলেও তারা কর্ণপাত করেননি। এর জেরে গত ২০২৫ সালের ২৫ অক্টোবর  বিকাল সাড়ে ৩টার দিকে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় রানীহাট বাজারে পৌঁছামাত্র পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা তার গলায় ধারালো অস্ত্র ধরে মৃত্যুভয় দেখিয়ে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাতস্থানে আটকে রাখে।

এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে আদালতে ৫ জনকে এজাহারনামীয় আসামি করে মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। সেই মামলার প্রেক্ষিতে র‌্যাব অভিযানে নামে।

এরই ধারাবাহিকতায় গতকাল রাত ১০টার দিকে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন মহানন্দা আবাসিক এলাকার আইকন টাওয়ারের নিচ তলায় অভিযান চালায়। অভিযানে মামলার ভিকটিমকে উদ্ধার এবং এজাহারনামীয় ১ নম্বর আসামি তনয় তানভীর নয়নকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিকে নগরীর চন্দ্রিমা থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট