চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবির পর ভারতীয় জলসীমায় ১০ জন উদ্ধার, নিখোঁজ ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলিমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১০ জনকে ভারতীয় জলসীমা থেকে জীবিত উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে নৌকায় থাকা আরও একজন এখনো নিখোঁজ রয়েছেন। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে বন্দি এক আত্মীয়কে দেখে বিকেল সাড়ে ৫টার দিকে আলিমনগর ঘাট থেকে ১১ জন যাত্রী নিয়ে একটি নৌকা নারায়ণপুর ইউনিয়নের উদ্দেশে রওনা হয়। কিছুক্ষণ পর পদ্মা নদীর মাঝপথে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ১০ জন তীব্র পানির স্রোতে ভেসে ভারতীয় জলসীমায় চলে যান। পরে বিএসএফ তাদের জীবিত অবস্থায় উদ্ধার করে। বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএসএফের পক্ষ থেকে ১০ জনকে উদ্ধারের বিষয়টি জানানো হয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের আয়োজন করা হচ্ছে। রাতের যেকোনো এক সময় তাদের ফরিদপুর বিওপি দিয়ে গ্রহণ করা হবে। তবে নৌকায় থাকা আরও একজন এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে চেষ্টা চলছে।
