বাগমারায় নির্বাচন অফিসে জনবল সংকটে ভোগান্তি
স্টাফ রিপোর্টার, বাগমারা
রাজশাহীর বাগমারা নির্বাচন অফিসে জনবল সংকটের কারণে সেবা প্রার্থীরা কাঙ্খিত সেবা পাচ্ছেন না। নির্বাচন অফিসে দীর্ঘদিনের তীব্র লোকবল বা জনবল সংকট রয়েছে। ১৬টি ইউনিয়ন ২টি পৌরসভা নিয়ে গঠিত বৃহৎ বাগমারা উপজেলা নির্বাচন অফিসে নির্বাচন অফিসার সহ ৩ জন জনবল। বাঁকি ৫ জন রয়েছে পারটাইমের। অফিসের সেবা কর্মকর্তাদের ইচ্ছা থাকলেও বিপুল সংখ্যক সেবা গ্রহিতাদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসের বাইরে ও ভেতরে সেবা প্রার্থীদের উপচেপড়া ভিড় লেগেই থাকে। বাগমারা উপজেলাটি প্রায় একটি জেলার সমান। প্রতিনিয়ত ভোটার তালিকা হালনাগাদ, নাম, জন্ম তারিখ সংশোধনী, নির্বাচনে এনআইডি সংশোধন ও অন্যান্য সেবার পাশাপাশি নতুন ভোটার আবেদনকারীদের থাকছে উপচেপড়া ভিড়। প্রতিদিন সেবা নিতে আসছে কয়েকশ নাগরিক। সহকারী কর্মকর্তা নেই, ১০-১২ জনের কাজ চালিয়ে নিতে হচ্ছে নির্ধারিত কয়েকজনকেই।
গতকাল সোমবার দুপুর ২টায় সেবা প্রার্থী উপজেলার নখোপাড়ার মনোনায়েম ও নাদিম জানান, সকালে তারা নতুন ভোটার তালিকায় হালনাগাদের জন্য আবেদন নিয়ে বসে আছেন। কিন্তু অন্যদের ভিড়ে তাদের কাজ করা সম্ভব এখনো হয়নি। একই ভাবে মধ্য দৌলতপুরের বেলাল জানান, তার মা আকিয়ার ভোটার তালিকায় স্বামীর নামের বদলে পিতার নাম হয়েছে। এটা সংশোধনের জন্য কয়েকদিন ধরে ঘুরছেন। তাছাড়া ঝার গ্রামের মশিউর, বালানগরের মাশরোফা, মচমইলের হাসিবুর ও তার ভাবি সাদিয়া নতুন হালনাগাদ ভোটার তালিকায় আবেদন করার জন্য দীর্ঘ সময় অফিসের বারান্দায় বসে রয়েছেন বলে দাবি করেন। তাদের ভোটার হালনাগাদ করতে কত সময় লাগবে এ নিয়ে তারা শঙ্কায় ভোগছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসান আল মাহমুদ বলেন, ‘ বৃহৎ উপজেলা এখানে প্রতিদিন কয়েকশ সেবা প্রার্থী আসেন নতুন আবেদন ও সংশোধনসহ নানা সমস্যা নিয়ে। কিন্তু লোকবল তুলনামূলক কম হওয়ায় কাজ করতে হিমশিম খেতে হচ্ছে। অফিস টাইমের বাইরে সেবা দিয়েও অনেককে সন্তুষ্ট করতে পারি না। এ ক্ষেত্রে বাগমারা উপজেলার বিশাল জনগোষ্টীর কথা চিন্তা করে জনবল বৃদ্ধি বাড়ালে সেবার মান বাড়ানো সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
