দুর্গাপুরে শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
দুর্গাপুর প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
জাতীয় শিক্ষা সপ্তাহে দুর্গাপুর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদূল কুমার গোস্বামী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে পুরস্কার গ্রহণ করেন। শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রাজিন মোস্তফা। তিনি ইংরেজি রচনা, তাৎক্ষণিক অভিনয় ও জারিগান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) লায়লা আখতার জাহান, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিজয়ী শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
