গ্রেপ্তার

রাজশাহীতে অনলাইন জুয়ার আসর থেকে নারীসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালিয়ে নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা ফোন তল্লাশি করে বিভিন্ন মোবাইল ব্যাংকিং হিসাবের সঙ্গে ব্যবহৃত পাঁচটি সিম কার্ড, ১৩টি জিমেইল আইডি ও ১৭টি জুয়া-বেটিং অ্যাপসের সন্ধান পাওয়া গেছে।

পুলিশ জানায়, গত শনিবার রাত পৌনে ৯টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ নগরীর বালিয়াপুকুর ছোট বটতলা এলাকার মোমিন আহমেদের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় কয়েরদাড়া গ্রামের হাবিবুর আহম্মেদের ছেলে ও বর্তমানে বালিয়াপুকুর ছোট বটতলা এলাকায় বসবাসকারী আসিফ আহম্মেদ (৩৪) এবং নীলফামারীর কিশোরগঞ্জ থানার মাগুরা গ্রামের মৃত এনদাদুল হকের মেয়ে ও বর্তমানে একই এলাকায় বসবাসকারী খুশি আক্তারকে (৩০) গ্রেপ্তার করা হয়। অভিযানের পর গ্রেপ্তার দুজনের হেফাজতে থাকা দুটি মোবাইল ফোন তল্লাশি করা হয়। পুলিশ দাবি করেছে, ওই ফোনগুলোতে বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং হিসাবের সঙ্গে ব্যবহৃত পাঁচটি সিম কার্ড, ১৩টি জিমেইল আইডি এবং অনলাইন জুয়া ও বেটিংয়ের জন্য ব্যবহৃত ১৭টি অ্যাপস পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট