চারঘাট সীমান্তে ভারতীয় ‘জেডি’ মদ উদ্ধার
স্টাফ রিপোর্টার
রাজশাহীর চারঘাট সীমান্তে ভারতীয় ৭৮ বোতল ‘জেডি’ মদ জব্দ করেছে বিজিবি। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইউসুফপুর বিওপির টহল দল চারঘাট থানাধীন মুক্তারপুর বালুরঘাট এলাকা থেকে এসব মাদক জব্দ করে। গতকাল বৃহস্পতিবার ১ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন ইউসুফপুর বিওপির একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান অবৈধভাবে দেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে ইউসুফপুর বিওপির টহল দল চারঘাট থানাধীন মুক্তারপুর বালুরঘাট এলাকার একটি জঙ্গলে অবস্থান নিয়ে ওত পেতে থাকে। একপর্যায়ে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এক মাদক কারবারিকে মাথায় বস্তা নিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা ওই কারবারিকে ধাওয়া করলে সে মাথায় থাকা বস্তাটি মাটিতে ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৭৮ বোতল ভারতীয় ‘জেডি’ মদ জব্দ করে। জব্দ করা মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় জমা দেওয়া হয়েছে।
