ট্রেনে রাজশাহী যাওয়ার পথে ১০  কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

নাটোরে যৌথ অভিযান চালিয়ে ১০ কেজি ২০০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা নীলফামারী থেকে গাঁজা সংগ্রহ করে নাটোর হয়ে রাজশাহীর পুঠিয়ায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নাটোর সদর থানাধীন বনবেলঘড়িয়া বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। র‌্যাব-৫ নাটোর ক্যাম্প, এবং র‌্যাব-১২-এর বগুড়া ক্যাম্পের যৌথ অভিযান চালায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নীলফামারীর ডিমলা থানার গয়াবাড়ী এলাকার মৃত আব্দুল গনির ছেলে শফিকুল ইসলাম (৫৫) এবং একই এলাকার আব্দুল মামুদের ছেলে মিজানুর রহমান (৩৮)।

র‌্যাব জানায়, আটকের পর জিজ্ঞাসাবাদে তারা গাঁজা বহনের কথা স্বীকার করেন। পরে তাদের সঙ্গে থাকা কাপড় বহনের হাতব্যাগ এবং চালের বস্তার ভেতর থেকে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় গাঁজা থাকার কথা জানান তারা। উপস্থিত সাক্ষীদের সামনে তাদের নিজেদের হাতে বের করে দেওয়া আলামত দুটি পোটলায় পরীক্ষা করে মোট ১০ কেজি ২০০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানান, তারা নীলফামারী থেকে অবৈধভাবে শুকনা গাঁজা সংগ্রহ করে নাটোর রেলস্টেশনে এসে আন্তঃনগর ট্রেনযোগে রাজশাহীর পুঠিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। র‌্যাব-৫ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাটোর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট