পুঠিয়ায় দুই প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের অভিযান
পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও প্রদর্শন এবং কেকের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় দুই প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক বিপুল বিশ্বাসের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে নিউ হিরা এ্যান্ড বিস্কিট ফ্যাক্টরিতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটির কেকের মোড়কে পণ্যের ওজন, পরিমাণ, উপাদান ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার বিষয়টিও ধরা পড়ে। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, হুমাইদ স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনের অভিযোগে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক বিপুল বিশ্বাস জানান ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে পণ্যের মান ও মূল্যসংক্রান্ত অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
