পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার অভিযোগে ২ এস্কেভেটর অকেজো
স্টাফ রিপোর্টার
দিনের আলোয় কৃষিজমি, আর রাত নামলেই যেন মাটি লুটের ময়দান। রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমির বুক চিরে অবাধে কেটে নেওয়া হচ্ছিল জমির সবচেয়ে উর্বর উপরিভাগের মাটি। খবর পেয়ে গভীর রাতে অভিযান চালিয়ে দুটি এস্কেভেটর ঘটনাস্থলেই অকেজো করে দিয়েছে উপজেলা প্রশাসন। জব্দ করা হয়েছে চারটি ব্যাটারি, ধ্বংস করা হয়েছে আরও দুটি। আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। গত রবিবার রাত ১০টা থেকে রাত ১টা পর্যন্ত পুঠিয়া উপজেলার কৈহাড়িয়া, শিলমাড়িয়া ও বারোপাখিয়া এলাকায় চলে প্রশাসনের এ অভিযান। দণ্ডপ্রাপ্তরা হলেন, শফিকুল ইসলাম ও আলী আজগর। তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় প্রশাসনের নজর এড়িয়ে রাতের আঁধারকে বেছে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমির টপসয়েল কেটে নেওয়া হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে গভীর রাতে অভিযানে নামে উপজেলা প্রশাসন। পৃথক দুটি স্থানে গিয়ে ফসলি জমিতে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এস্কেভেটর পায় অভিযানকারী দল। ভারী যন্ত্র দুটি সরিয়ে নেওয়ার সুযোগ না থাকায় ঘটনাস্থলেই সেগুলো সম্পূর্ণ অকেজো করে দেওয়া হয়। এ সময় চারটি ব্যাটারি জব্দ এবং আরও দুটি ব্যাটারি ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।
