বানেশ্বর বাজারে সড়ক যেনো ‘মরণফাঁদ

পুঠিয়া প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ার ব্যস্ততম বানেশ্বর বাজারের সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে। সড়কের পিচ উঠে বিভিন্ন স্থানে পাথর বেরিয়ে যাওয়ায় যানবাহনের চাকার আঘাতে ছিটকে পড়ছে পাথর। এতে দোকানের কাচ ভাঙার পাশাপাশি পথচারী ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। গতকাল সোমবার সকালে বানেশ্বর বাজারের হাজী ওবায়দুল অ্যান্ড সন্সের মার্সেল শোরুমের কাচের দরজা পাথরের আঘাতে ভেঙে যায়। এতে শোরুমের সামনে কাচের টুকরো ছড়িয়ে পড়ে। শোরুমের স্বত্বাধিকারী নেওয়াজ শরিফ পাপ্পু বলেন, সড়কের ওপর থাকা পাথর যানবাহনের চাকার আঘাতে ছিটকে এসে কাচের দরজায় লাগে। এতে দরজাটি ভেঙে গেছে। দীর্ঘদিন ধরে সড়কের এমন অবস্থায় ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন বলেও জানান তিনি।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, মাঝেমধ্যে দায়সারা সংস্কার করা হলেও তা টেকসই না হওয়ায় অল্প সময়ের মধ্যেই আবার পিচ উঠে পাথর বেরিয়ে পড়ে। ভারী যানবাহন চলাচলের সময় এসব পাথর ছিটকে দোকানের কাচ ও শোকেসে আঘাত করছে। সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল মান্নান আকন্দ বলেন, দীর্ঘদিন বৃষ্টির কারণে ঠিকাদাররা কাজ করতে পারছেন না। রাস্তা বেশি খারাপ হওয়ায় কয়েক দফা সাময়িক সংস্কার করা হয়েছে। আবহাওয়া ভালো হলেই স্থায়ী কাজ শুরু করা হবে। স্থানীয়দের দাবি, দ্রুত সড়কটি পরিদর্শন করে টেকসই সংস্কারের মাধ্যমে ব্যবসায়ী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট