নগরীতে মাদকবিরোধী অভিযানে  ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজশাহীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম ও থানা পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ও ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়। একই অভিযানে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শাহমখদুম থানার নওদাপাড়া সিল্কসিটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে জয় (২৬) নামে এক মাদক কারবারীকে ৪২ পিস ট্যাপেন্টাডল, নগদ ১ হাজার ৩৩০ টাকা ও একটি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করে। সন্ধ্যা ৬টার দিকে দামকুড়া থানার মুরারীপুর গ্রামে অভিযান চালিয়ে কাবিল (৩৬) নামে আরেকজনকে ১৮ পিস ইয়াবা ও ৫ হাজার ৩৫০ টাকাসহ গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে রাত পৌনে ২টার দিকে মতিহার থানার ডাঁশমারী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে শিমুল (২৩), রিয়াজ উদ্দিন (২৮), নাসির (২৮), সজল (২৫) ও সাইদুর রহমানকে (৪০) সাত পিস ইয়াবা, ২ হাজার ৯০ টাকা এবং তিনটি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়। এর মধ্যে দুটি ফোন জুয়া খেলার কাজে ব্যবহৃত হতো বলে জানিয়েছে পুলিশ। সন্ধ্যায় দামকুড়া থানার বেড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে নাসিম ওরফে কালুকে (৩৫) আমদানি নিষিদ্ধ ভারতীয় পাঁচ বোতল বর্ণকাফ সিরাপসহ গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আইনাল ও সুমন হোসেন নামে আরও দুজন পালিয়ে যায়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জুয়া আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট