নগরীতে পুলিশের পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম, গোয়েন্দা শাখা (ডিবি) ও বিভিন্ন থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযানে মাদক বিক্রির নগদ টাকা, মোবাইল ফোন এবং অনলাইন জুয়া পরিচালনা ও খেলার কাজে ব্যবহৃত বিভিন্ন বেটিং অ্যাপস ও জি-মেইল আইডি জব্দ করা হয়েছে।
নগর পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজপাড়া থানার লক্ষ্মীপুর হার্টফাউন্ডেশন এলাকায় অভিযান চালিয়ে বাশিরুল ইসলাম (৩৪), রাজীব (৩৫) ও বিশাল (২৪)কে গ্রেপ্তার করে বিশেষ মাদকবিরোধী টিম। বাশিরুলের কাছ থেকে ১১১ পিস ইয়াবা, ৪ হাজার ৬৫০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। রাজীবের কাছ থেকে ১ হাজার ৮৫০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। বিশালের দুটি মোবাইল ফোনে অনলাইন জুয়া পরিচালনা ও খেলার কাজে ব্যবহৃত সাতটি বেটিং অ্যাপস ও একটি জি-মেইল আইডি পাওয়া যায়। ভোর সাড়ে ৪টার দিকে পাঠার মোড় এলাকায় আবির হোসেনকে (২৬) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে সাত পিস ইয়াবা, দুই পিস ট্যাপেন্টাডল এবং অনলাইন জুয়ার একটি অ্যাপস ও জি-মেইল আইডিসহ মোবাইল ফোন জব্দ করা হয়। সোমবার ডিবি পুলিশ বোয়ালিয়ার মিরেরচর থেকে রাসেলকে (৩২) ১৫ পিস ইয়াবাসহ এবং বেলপুকুরের ভড়ুয়াপাড়া থেকে রাজিয়া বেগমকে (৪১) ১০ পিস ট্যাপেন্টাডল ও ১ হাজার ৫১০ টাকাসহ গ্রেপ্তার করে। রাতে পবা থানার নওহাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহমান সবুজ (৩০) ও বাবুকে (৪০) গ্রেপ্তার করা হয়। সবুজের কাছ থেকে ১৩ পিস ইয়াবা, ৫১টি বেটিং অ্যাপস ও সাতটি জি-মেইল আইডিসহ একটি মোবাইল ফোন এবং বাবুর কাছ থেকে এক পিস ইয়াবা, পাঁচটি বেটিং অ্যাপস ও একটি জি-মেইল আইডিসহ মোবাইল ফোন জব্দ করা হয়। চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাকিব হোসেন (২৮), সোহাগ (২২) ও রেজানুর রহমান রেজানকে (২৫ গ্রেপ্তার করা হয়। সাকিবের কাছ থেকে আট পিস ইয়াবা এবং সোহাগের কাছ থেকে তিন পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। কাশিয়াডাঙ্গা থানার অভিযানে শহিদুল ইসলাম শহিদ ওরফে জাফরকে (৪৮) চার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। তবে রাব্বি (২৬) পালিয়ে গেলে তার ফেলে যাওয়া ২০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে রাজপাড়ার বুলনপুর পিটিআই স্কুল এলাকায় অভিযান চালিয়ে রাফিউল ইসলাম রাহুলকে (২৯) গ্রেপ্তার করে। তার মোবাইল ফোনে অনলাইন জুয়ার চারটি বেটিং অ্যাপস ও চারটি জি-মেইল আইডি পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মাদক ও অন্যান্য আইনে মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে।
