নগরীতে অবৈধ স্থাপনা নির্মাণ করায় তিনজনকে জরিমানা
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভদ্রা মোড় এলাকায় চলাচলের সড়কে অবৈধ স্থাপনা নির্মাণ করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে তিন ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। রাজশাহী র্যাব-৫-এর সদর কোম্পানি, ও রাজশাহী সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন রাসিকের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম। অভিযানে সড়কে অবৈধ স্থাপনা তৈরি করে মানুষের চলাচলে বাধা সৃষ্টি এবং আইন না মানার কারণে তিনজনকে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ প্রয়োজনীয় এনফোর্সমেন্ট কার্যক্রম চালিয়ে রাজশাহী মহানগরীকে সবার নিরাপদ চলাচলের উপযোগী করে গড়ে তুলতে কাজ করা হবে। আইনশৃঙ্খলা ও পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার ধারাবাহিকতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
