নগরীতে পুলিশের মাদকবিরোধী  অভিযানে ৮ কারবারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস ট্যাপেন্টাডল, ২ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), বেলপুকুর, কাশিয়াডাঙ্গা ও কাটাখালী থানা পুলিশ। গত রোববার দিবাগত রাতের বিভিন্ন সময়ে নগরীর পৃথক এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ রাত ৯টার দিকে মতিহার থানার চরশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের ১৭ বছর বয়সী কোরবান আলী ওরফে ইমানকে (ছদ্মনাম) গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, সে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু। দুপুর দেড়টার দিকে বেলপুকুর থানা পুলিশ ভড়ুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে রতন আলী (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের কুদ্দুস আলীর ছেলে। তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা আট পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। দুপুর সোয়া ২টার দিকে কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে সানাউল হোসেন ওরফে মাসুদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তার কাছ থেকে দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। বিকেল পৌনে ৬টার দিকে কাটাখালী থানা পুলিশ নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইনজামুল হক (২২) ও নয়ন ওরফে সজিব ইসলামকে (১৯) গ্রেপ্তার করে। তারা বাখরাবাজ মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। এ সময় ইনজামুলের কাছ থেকে ছয় পিস এবং সজিবের কাছ থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত পৌনে ১১ টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ গৌরহাঙ্গা রেলগেট সংলগ্ন চামড়া পট্টি ট্রাক স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মারুফ ইসলামকে (১৯) গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত পৌনে ১২ টার দিকে মতিহার থানা পুলিশ চরসাতবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে একই মাসুদ রানাকে (২৪) গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত পৌনে ৯টার দিকে মতিহার থানা পুলিশ মৌলভী বুধপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কাটাখালী থানার কিসমত কুখন্ডী গ্রামের শুভকে (২৯) ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট