বিশ্বজুড়ে তীব্র খাদ্যসংকটে ২৬কোটি ৬০ লাখ মানুষ: ডব্লিউএফপি
বিশ্বজুড়ে ২৬ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটে রয়েছে। সুদান, দক্ষিণ সুদান ও সোমালিয়ার কয়েকটি অঞ্চলে দেখা দিয়েছে দুর্ভিক্ষের ঝুঁকি। এর মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ তিনটি বাণিজ্যিক নৌপথে যুদ্ধ ও সংঘাতের কারণে খাদ্য ও কৃষি উপকরণের সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে খাদ্য ও মানবিক সহায়তার ব্যয় বাড়ছে। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ ৭৩ লাখ মানুষের খাদ্যসহায়তা ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। গত সোমবার (২৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে এ সতর্কবার্তা দেন ডব্লিউএফপির নির্বাহী পরিচালক লুক লিন্ডবার্গ।
তিনি বলেন, হরমুজ প্রণালি, বাব আল-মান্দেব প্রণালি ও কৃষ্ণসাগরে একযোগে সংকট তৈরি হয়েছে। এতে খাদ্যশস্য রপ্তানি ও কৃষিকাজের প্রয়োজনীয় উপকরণের সরবরাহ ব্যাহত হচ্ছে। বিশ্বজুড়ে সংঘাত বৃদ্ধি এবং এল নিনোর মতো জলবায়ুগত বিপর্যয় পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এর প্রভাব পড়ছে খাদ্য উৎপাদন ও দামে।
লিন্ডবার্গ জানান, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত ডব্লিউএফপির অতিরিক্ত ৭২ কোটি ৭০ লাখ ডলার ব্যয় হতে পারে। এতে ৭৩ লাখ মানুষের জন্য খাদ্যসহায়তা কার্যক্রম ঝুঁকিতে পড়বে। বাড়তি পরিবহন ও খাদ্য ব্যয়ের কারণে সংস্থাটির বরাদ্দ অর্থ কমে যাচ্ছে। ফলে কমসংখ্যক মানুষকে আগের তুলনায় কম পরিমাণ সহায়তা দিতে হবে।
বিশ্বের মোট সার সরবরাহের প্রায় ৩০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এ নৌপথে অচলাবস্থা তৈরি হলে কৃষি উৎপাদনের গুরুত্বপূর্ণ উপকরণ সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ে। অন্যদিকে, কৃষ্ণসাগর বিভিন্ন দেশের জন্য শস্য সরবরাহের গুরুত্বপূর্ণ পথ। সোমালিয়া ও ইয়েমেনের মতো দেশ এ অঞ্চলের শস্যের ওপর নির্ভরশীল। ইয়েমেন তার মোট খাদ্য চাহিদার প্রায় ৯০ শতাংশ আমদানির মাধ্যমে পূরণ করে। এ ছাড়া বাব আল-মান্দেব প্রণালিতে অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাণিজ্য ও খাদ্য পরিবহন ব্যাহত হচ্ছে। তিন নৌপথের সংকটে খাদ্য ও মানবিক সহায়তা পৌঁছানোর ব্যয় বেড়ে যাচ্ছে।
সুদানে খাদ্যসংকটের পরিস্থিতিও উদ্বেগজনক। দেশটিতে একটি সাধারণ খাদ্যতালিকার ব্যয় গত ফেব্রুয়ারির তুলনায় ১৩০ শতাংশ বেড়েছে। জাতিসংঘের সদস্যদেশগুলোর প্রতি তিনটি বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার করার আহ্বান জানিয়েছেন লিন্ডবার্গ। তিনি বলেন, বিশ্বে আর কোনো দুর্ভিক্ষ হতে দেওয়া যাবে না, খাদ্যকে কখনোই যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না এবং মানবিক সহায়তাকর্মীদের ওপর কোনো হামলা চালানো যাবে না। এই তিনটি বিষয়কে ‘তিনটি লাল রেখা’ হিসেবে উল্লেখ করে তিনি সদস্যদেশগুলোকে এগুলো মেনে চলার আহ্বান জানান। সূত্র: ইনকিলাব
