ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা
বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের থাকা নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের সদস্যদের আধিপত্য কমানো, স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বৃদ্ধি এবং পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ৬ বছর করার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, পরিচালনা পর্ষদে রাজনৈতিক ও পারিবারিক প্রভাব কমানো এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় এসব পরিবর্তন আনা হচ্ছে।
এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে। এতে ব্যাংকের মালিকানা, পরিচালনা পর্ষদের গঠন, পরিচালকদের যোগ্যতা এবং ব্যবস্থাপনা কাঠামোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে আইন সংশোধনের যে উদ্যোগ নিয়েছিল, তার অধিকাংশ সুপারিশই বর্তমান খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি সপ্তাহেই সংশোধনী প্রস্তাবটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর কথা রয়েছে। এরপর অনুমোদনের জন্য এটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। খসড়া অনুযায়ী, মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার ব্যক্তি, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিরা কোনো বেসরকারি ব্যাংকের পরিচালক হতে পারবেন না। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের ক্ষেত্রেও রাজনৈতিক পদধারীদের অযোগ্য বিবেচনার প্রস্তাব করা হয়েছে।
ব্যাংকের পরিচালকদের দায়িত্ব পালনের মেয়াদেও পরিবর্তন আনা হচ্ছে। বর্তমানে একটানা ১২ বছর পর্যন্ত পরিচালক থাকার সুযোগ থাকলেও সংশোধিত আইনে তা কমিয়ে ছয় বছর করার প্রস্তাব রয়েছে। দীর্ঘ সময় একই ব্যক্তিদের হাতে পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণ থাকলে ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
বেসরকারি ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে একই পরিবারের সদস্যদের প্রভাব কমানোও সংশোধনী প্রস্তাবের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। একটি পরিবারের হাতে ব্যাংকের পরিচালনা ও নীতিনির্ধারণী ক্ষমতা কেন্দ্রীভূত হলে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে। এতে ঋণ বিতরণ, ঋণ আদায় ও বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ব্যক্তিগত বা পারিবারিক স্বার্থ প্রাধান্য পাওয়ার ঝুঁকি থাকে। সূত্র: ইনকিলাব
