১৬ বিজিবির অভিযান সাপাহারে ১১ মাসে ১৩ কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ
সাপাহার প্রতিনিধি
দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, মাদক, অস্ত্র ও অন্যান্য পণ্যের চোরাচালনা রোধ এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দেশের সীমান্ত সুরক্ষা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১১১.৫ কিলোমিটার দীর্ঘ সীমান্তে দিন-রাত নিরলসভাবে সীমান্তে সার্বক্ষণিক নজরদারি, গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধ, পুশ-ইন প্রচেষ্টা প্রতিহতকরণ এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটালিয়নটি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রম ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সীমান্ত প্রতিষ্ঠায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
চোরাচালান ও আন্তঃ সীমান্ত অপরাধ দমনে ১৬ বিজিবি কঠোর অবস্থান বজায় রেখেছে। ১৬ বিজিবি-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি এর সফল নেতৃত্বে মাদকদ্রব্যের অবৈধ পাচার রোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সর্বমোট ১৫ হাজার ৫৮০টি টহল পরিচালনা করা হয়। উক্ত টহল কার্যক্রমের ১৪১টি সফল অভিযানে ৫৪ জন আসামিসহ ১৩ কোটি ২১ লাখ ৭৭ হাজার ৪৯৮ টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য আটক করা হয়েছে।
মাদকদ্রব্যের অবৈধ পাচার রোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে ১৬ বিজিবি। চলতি বছরের বিভিন্ন অভিযানে ৮ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার ৭৭৫ টাকা মূল্যের মাদকদ্রব্য আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ১৭৩ বোতল বিভিন্ন প্রকার নেশাজাতীয় সিরাপ, ১ হাজার ৩১৮ পিস ভারতীয় ইয়াবা, ৩ কেজি ৩৪৩ গ্রাম গাঁজা ও ২০ পুরিয়া, ৮৮ হাজার ৮১২ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ১.৭৭৬ কেজি হেরোইন, ১.২৯০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২১ বোতল ভারতীয় মদ, ১১০ বোতল ফেনসিডিল এবং ১১ লিটার বাংলা মদ।
১১১.৫ কিলোমিটার দীর্ঘ সীমান্তে বিদ্যমান ভৌগোলিক প্রতিকূলতা সত্ত্বেও মাত্র ১২টি বিওপির মাধ্যমে সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করা হচ্ছিল। সীমান্ত নজরদারি বৃদ্ধি ও নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করার লক্ষ্যে নওগাঁর সাপাহার উপজেলাধীন বৈকুণ্ঠপুর মৌজায় ‘নব-আদাতলা নামে ০১টি নতুন বিওপি’ প্রতিষ্ঠা করা হয়েছে। পাশাপাশি গানইর ও বড়তলী আরও দুটি নতুন বিওপির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। শিগগিরই বিওপি দুটিতে অপারেশনাল কার্যক্রম শুরু করা হবে। উক্ত বিওপি ০২টি’র অপারেশনাল কার্যক্রম শুরু করা হলে সীমান্তে টহল ও নজরদারি আরও জোরদার হবে এবং চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নতুন মাত্রা যুক্ত হবে।
সীমান্ত নিরাপত্তা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। দায়িত্বপূর্ণ এলাকার চোরাচালান প্রবণ, ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলোতে ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি পরিচালনা করা হচ্ছে। এর ফলে সন্দেহজনক গতিবিধি শনাক্তকরণ, চোরাচালান প্রতিরোধ, পুশ-ইন প্রচেষ্টা ব্যর্থ করা এবং অবৈধ সীমান্ত পারাপার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হচ্ছে। প্রযুক্তিনির্ভর নজরদারির পাশাপাশি নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে।
সর্বোপরি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় ১৬ বিজিবির এ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালানবিরোধী অভিযান, পুশ-ইন প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি, সীমান্তবর্তী জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ব্যাটালিয়নটি দায়িত্বপূর্ণ এলাকায় প্রশংসনীয় অবদান রেখে চলেছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন এবং সীমান্তবর্তী এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রেখে একটি নিরাপদ ও অপরাধমুক্ত সীমান্ত প্রতিষ্ঠাই বিজিবি তথা এ ব্যাটালিয়নের অঙ্গীকার।
