নাটোরে গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে ৩টি পেট্রোল বোমা নিক্ষেপ
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান ফটকে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার দিনগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত ব্যাংকটির শাখায় এ ঘটনা ঘটে।এ সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।ব্যাংকেরও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।গ্রামীণ ব্যাংকের বাঁশবাড়িয়া শাখার ব্যবস্থাপক মো. শফিউল হাসান নৈশপ্রহরীর বরাত দিয়ে বাংলানিউজকে জানান, রাত ২টা ৪৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি ব্যাংকের প্রধান ফটকের সামনে এসে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এরপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।তিনি জানান, ঘটনার সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা পাশের কোয়ার্টারে ঘুমিয়ে ছিলেন।বিস্ফোরণের বিকট শব্দ শুনে তারা বাইরে বেরিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে রাতের আঁধারে ব্যাংকের প্রধান ফটকে এমন ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কারা, কি কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।এ বিষয়ে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বাংলানিউজকে জানান, ঘটনাটি পেট্রোল বোমা নিক্ষেপের কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে দুটি ২৫০ মিলিলিটারের কোকাকোলার কাঁচের বোতল এবং একটি প্লাস্টিকের বোতলে তেলভেজা কাপড় লাগানো অবস্থায় আগুন দেওয়ার আলামত দেখতে পেয়েছেন।ওসি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
