বড়াইগ্রামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
বড়াইগ্রাম প্রতিনিধি
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ স্লোগানে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ইউনিয়নের তিরাইল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন মাঝগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি কোরবান আলী।
মাঝগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহম্মদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামরুজ্জামান মাসুম, মাঝগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুর রহমান এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিঠু।
খেলা দেখতে বিকেল থেকেই মাঠে ভিড় জমাতে থাকেন বিভিন্ন বয়সী দর্শক। একপর্যায়ে হাজারো দর্শকের উপস্থিতিতে তিরাইল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। ফুটবল খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
