নগরীতে অনুমোদনহীন দই-মিষ্টি ব্যাবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর  গুণগত মানসনদ ছাড়াই দই ও মিষ্টি উৎপাদন এবং বিক্রির দায়ে ‘অলিম্পিক সুইটস’ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে নগরীর মহিষবাথান এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিএসটিআই সূত্রে জানা গেছে, অলিম্পিক সুইটস প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ছাড়াই মিষ্টি ও দই উৎপাদন ও বিক্রি করছিল। এছাড়া পণ্যগুলোর মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যসংবলিত লেবেলও ছিল না। এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ফারহানা হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং মানসম্মত খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট