বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, বিনিয়োগের বড় সুযোগ নিন: চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ব্যবসায়ীদের উদ্দেশে বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য সম্পূর্ণ উন্মুক্ত এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত। তিনি চীনের সঙ্গে আরো গভীর ও সুদৃঢ় শিল্প অংশীদারিত্ব গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ‘ভ্যালু চেইন’ সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের ঐতিহ্যবাহী ‘দিয়াওইউতাই হোটেল’-এ আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ শীর্ষক উচ্চপর্যায়ের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই বিশেষ সম্মেলনের আয়োজন করে। গতকাল চীনের স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া এই সম্মেলনে চীনের ১২৫ জন শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগের অপার সুযোগ-সুবিধা ও সম্ভাবনার ওপর চীনা ব্যবসায়ীদের সামনে একটি বিশেষ ও আকর্ষণীয় প্রেজেন্টেশন তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
চীনা বিনিয়োগকারীদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আন্তর্জাতিক পুঁজি ও বিনিয়োগ সংক্রান্ত কার্যপ্রণালী সম্পূর্ণ ঢেলে সাজাতে বর্তমান সরকার একটি যুগান্তকারী ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এই মহাপরিকল্পনার মূল লক্ষ্য হলো আমলাতান্ত্রিক জটিলতা পুরোপুরি দূর করা, সরকারি সব সেবা ডিজিটালাইজেশনের আওতায় আনা, দীর্ঘমেয়াদি নীতির ধারাবাহিকতা নিশ্চিত করা এবং একটি শতভাগ নিরাপদ ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা।
প্রধানমন্ত্রী আরো ঘোষণা করেন, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মোংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। পাশাপাশি চীনা বিনিয়োগকারীদের আরো দ্রুত, কার্যকর ও ডেডিকেটেড সেবা প্রদানের লক্ষ্যে শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ চালু করা হবে। সূত্র: ইনকিলাব
