ভিডিও কলে প্রেমিকার সামনে আত্মহত্যা, তা দেখে জীবন দিলেন প্রেমিকাও

পশ্চিমবঙ্গে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় এক ১৮ বছর বয়সী কিশোর আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। প্রেমিককে এভাবে চলে যেতে দেখে ওই কিশোরীও একই পথ বেছে নেন। নিহত জিৎ বিশ্বাস ও পূজা মণ্ডল দুজনেরই বয়স প্রায় ১৮ বছর এবং তারা উত্তর ২৪ পরগনার অশোকনগরের সেনডাঙ্গা চতুর্দশপল্লী হাই স্কুলের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তারা একই এলাকায় বসবাস করতেন এবং একই জায়গায় প্রাইভেট পড়তেন। প্রতিবেশীদের ধারণা, পরিবারের পক্ষ থেকে তাদের সম্পর্কের বিরোধিতা করার কারণেই দুজন এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন। তবে মেয়েটির পরিবারের দাবি, মৃত্যুর পরই তারা জিতের সঙ্গে পূজার সম্পর্কের কথা জানতে পেরেছেন।

পুলিশ জানিয়েছে, পূজার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় জিৎ ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দেন। ফোনের পর্দায় প্রেমিকের এই মর্মান্তিক পরিণতি দেখে পূজাও নিজের ঘরের সিলিংয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পূজার পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পূজার বড় ভাই দীপু বলেন, তার মোবাইলে তখনও হোয়াটসঅ্যাপ ভিডিও কলটি চালু ছিল এবং স্ক্রিনে আমরা ছেলেটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তখনই আমরা বুঝতে পারি যে পূজা যে ছেলেটিকে ভালোবাসত, সেও আত্মহত্যা করেছে। বারাসাত জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, খবর পেয়ে অশোকনগর থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং দুই কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ওই দুই শিক্ষার্থীর সহপাঠীরা জানিয়েছেন, গত কয়েক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এক সহপাঠী বলেন, তারা একই স্কুলে পড়ত, একসাথে প্রাইভেট পড়তে যেত এবং নিয়মিত একসাথেই যাতায়াত করত। পূজার এক বান্ধবী বলেন, আমি শুনেছিলাম জিতের পরিবার তাদের এই সম্পর্কের বিরুদ্ধে ছিল, তবে তারা এ নিয়ে মানসিক চাপে ছিল কি না তা বলতে পারব না। বাইরে থেকে সবকিছু স্বাভাবিকই মনে হতো। অন্যদিকে, পূজার মা ফুল্লরেশ্বরী দাবি করেছেন, জিতের সঙ্গে তার মেয়ের সম্পর্কের বিষয়ে তিনি কিছুই জানতেন না। তিনি বলেন, সামনেই আমার মেয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। বিয়ের কথা উঠলে ও বলত আগে পড়াশোনা শেষ করতে চায়। ও নিজের পছন্দে কাউকে বিয়ে করলে আমাদের কোনো আপত্তি থাকত না। কেন ও এমন পদক্ষেপ নিল, তা আমি কিছুতেই বুঝতে পারছি না। পূজার ভাই দীপু আরও জানান, ঘটনাটি তাদের কাছে ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত; কারণ পূজা বরাবরই বেশ হাসিখুশি ছিল এবং সম্প্রতি একাই পুরো ভাইফোঁটার আয়োজন সামলেছিল। এ বিষয়ে জিতের পরিবারের সদস্যরা কোনো মন্তব্য করতে রাজি হননি। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট