রাজশাহীতে সুজনের দুই যুগ পূর্তিকে আলোচনা
স্টাফ রিপর্টার
‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর হোটেল ওয়ারিশানে সুজনের রাজশাহী জেলা ও মহানগর কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় ‘দুই যুগ পেরিয়ে সুজন-এর আহ্বান’ শীর্ষক আলোচনায় খুন, ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতামুক্ত মানবিক সমাজ গঠন এবং দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সুজনের রাজশাহী জেলা কমিটির সভাপতি শফি উদ্দীন আহমেদ। এ সময় বক্তব্য দেন রাজশাহী জেলা কমিটির সহসভাপতি মো. রবিউল আলম, রাজশাহী মহানগর কমিটির সহসভাপতি মো. মিজানুর রহমান, মহানগর কমিটির সাধারণ সম্পাদক ড. মো. কামরুজ্জামান এবং সহসম্পাদক ওয়ালিউল রহমান বাবু।
আলোচনা সভায় বক্তারা গণতন্ত্রকে সুসংহত করা, সুশাসন প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা এবং রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নাগরিকদের সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। সভায় সুজনের জেলা ও মহানগর কমিটির সদস্যসহ প্রায় ২৫ থেকে ৩০ জন উপস্থিত ছিলেন।
