৫ ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন মিমি!
টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। শোনা যাচ্ছে, আগামী ৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে পারেন অভিনেত্রী। সম্প্রতি কলকাতার জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের দোকানে মিমির উপস্থিতি সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেননি তিনি।
বিনোদন অঙ্গনের বিভিন্ন সূত্রের দাবি, বেশ কয়েক বছর ধরেই সিদ্ধার্থ নামের এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে রয়েছেন মিমি। তিনি চলচ্চিত্র কিংবা বিনোদন জগতের কেউ নন। পেশাগতভাবে নৌবাহিনীর সঙ্গে যুক্ত বলে শোনা গেলেও তাঁর পরিচয় নিয়ে রয়েছে নানা ধরনের তথ্য। তবে সম্পর্কের বিষয়ে বরাবরই নীরব থেকেছেন অভিনেত্রী। সম্প্রতি দক্ষিণ কলকাতায় সব্যসাচী মুখোপাধ্যায়ের ফ্যাশন স্টোরে দেখা যায় মিমিকে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ব্যক্তিগত রূপসজ্জাশিল্পী ও স্টাইলিস্ট। স্টোর থেকে বের হওয়ার সময় স্টাইলিস্টকে জড়িয়ে ধরতেও দেখা যায় তাঁকে। পরে গাড়িতে করে সেখান থেকে চলে যান অভিনেত্রী। তাঁর এই উপস্থিতির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় নতুন আলোচনা। বলিউডের একাধিক তারকার বিয়ের পোশাক তৈরি করেছেন সব্যসাচী মুখোপাধ্যায়। দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট ও রানি মুখোপাধ্যায়ের মতো তারকারাও বিয়ের বিশেষ পোশাকের জন্য বেছে নিয়েছিলেন এই ডিজাইনারকে। ফলে মিমির সেখানে যাওয়াকে বিয়ের প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন অনেকে।
গুঞ্জন অনুযায়ী, নভেম্বরেই আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন মিমি ও সিদ্ধার্থ। এরপর ৫ ডিসেম্বর মূল আয়োজন হওয়ার কথা রয়েছে। সম্ভাব্য বিয়ের স্থান হিসেবে উঠে এসেছে পাহাড়ি শহর কালিম্পংয়ের নাম। জলপাইগুড়ির মেয়ে মিমির কাছে পাহাড়ের প্রতি বিশেষ টান থাকায় সেখানেই ঘরোয়া আয়োজনে বিয়ের পরিকল্পনা করছেন বলে শোনা যাচ্ছে। বিয়ের অনুষ্ঠান শেষে কলকাতায় ফিরে বন্ধু, সহকর্মী ও আত্মীয়স্বজনদের নিয়ে সংবর্ধনার আয়োজন করতে পারেন এই জুটি। তবে বিয়ের তারিখ, পাত্রের পরিচয় কিংবা আয়োজনের স্থান নিয়ে মিমি চক্রবর্তী এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ফলে সব্যসাচীর দোকানে তাঁর উপস্থিতি ও ৫ ডিসেম্বর বিয়ের খবর আপাতত জল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। সূত্র: ইনকিলাব
