পাসপোর্টের নামে নতুন কূটকৌশল প্রত্যর্পণ এড়াতে চান হাসিনা?
পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে নতুন করে তৎপর হয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তাঁর এই উদ্যোগকে নিছক দেশে ফেরার প্রক্রিয়া হিসেবে দেখছেন না কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তাঁদের মতে, প্রত্যর্পণ প্রক্রিয়ার মুখোমুখি না হয়ে পাসপোর্টের আবেদনকে সামনে এনে আন্তর্জাতিক অঙ্গনে নতুন বয়ান তৈরির চেষ্টা হতে পারে এটি। এর মাধ্যমে বাংলাদেশ সরকার তাঁকে দেশে ফিরতে বাধা দিচ্ছে—এমন ধারণা প্রতিষ্ঠার পাশাপাশি ভারতের ওপরও কূটনৈতিক চাপ তৈরির সুযোগ সৃষ্টি হতে পারে। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠিয়ে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়া হয়েছে। তবে আবেদনটি শেখ হাসিনা নিজে অনুমোদন করেছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি হাইকমিশন। কারণ, ই-মেইলের সঙ্গে তাঁর কোনো অনুমোদনপত্র বা প্রয়োজনীয় দলিল দেওয়া হয়নি। বিষয়টি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক মন্তব্যে এই উদ্যোগের পেছনে রাজনৈতিক কৌশল থাকার সম্ভাবনা তুলে ধরেছেন। তাঁর মতে, এর মাধ্যমে শেখ হাসিনা এমন একটি আন্তর্জাতিক বয়ান তৈরি করতে পারেন যে তিনি দেশে ফিরতে চান, কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার তাঁকে ফিরতে দিচ্ছে না। এতে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক ধারণা তৈরির পাশাপাশি ভারতও তাঁকে নিয়ে সৃষ্ট পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পেতে পারে। এমনকি তৃতীয় কোনো দেশে যাওয়ার সম্ভাব্য পথ তৈরির বিষয়টিও আলোচনায় আসতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। তবে তৃতীয় কোনো দেশে যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় এবং প্রত্যর্পণ প্রক্রিয়ার বিষয়টি সামনে রেখে পাসপোর্ট দেওয়ার প্রশ্নে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সরকার কোনো ‘সন্ত্রাসীকে’ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র দেবে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের জন্য বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির পথেই এগোতে চায় ঢাকা।
শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া মৃত্যুদ-ের রায়ের প্রসঙ্গ তুলে রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামও বলেছেন, তাঁর দেশে ফেরার বিষয়টি পাসপোর্টের মাধ্যমে সমাধানের সুযোগ নেই। তাঁর বক্তব্য অনুযায়ী, ট্রাইব্যুনাল আইনের ২১(৩) ধারায় আপিলের জন্য নির্ধারিত ৩০ দিনের সময়সীমা অতিক্রান্ত হয়েছে। ফলে দেশে ফিরতে চাইলে শেখ হাসিনাকে ভারত সরকারের কাছে প্রত্যর্পণের আবেদন করতে হবে। এ ক্ষেত্রে পাসপোর্টের আবেদন এবং প্রত্যর্পণ প্রক্রিয়ার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। বাংলাদেশের সংবিধানের ৩৬ অনুচ্ছেদে নাগরিকের চলাচল, দেশত্যাগ এবং দেশে ফিরে আসার অধিকার স্বীকৃত হলেও আইনগত বিধিনিষেধের সুযোগও রাখা হয়েছে। অন্যদিকে, পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ৬ অনুচ্ছেদে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে পাসপোর্ট প্রত্যাখ্যান বা আটকে রাখার বিধান রয়েছে। তবে শেখ হাসিনার ক্ষেত্রে এসব বিধানের প্রয়োগ কীভাবে হবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনগত বিবেচনার বিষয়।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালের ২৮ জানুয়ারি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়। ওই বছরের ২৩ অক্টোবর চুক্তিটি কার্যকর হয় এবং ২০১৬ সালে এতে সংশোধন আনা হয়। চুক্তি অনুযায়ী, প্রত্যর্পণের আবেদন কূটনৈতিক চ্যানেলে পাঠাতে হয়। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়, অপরাধের বিবরণ, প্রযোজ্য আইন এবং গ্রেপ্তারি পরোয়ানা বা আদালতের রায়ের মতো প্রয়োজনীয় নথি সংযুক্ত করার বিধান রয়েছে। অর্থাৎ, কোনো ব্যক্তির পাসপোর্ট বা ভ্রমণ নথির আবেদন প্রত্যর্পণের আনুষ্ঠানিক বিকল্প নয়।
চুক্তিতে রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগসহ কয়েকটি ব্যতিক্রমী পরিস্থিতির কথা বলা হয়েছে। পাশাপাশি অপরাধের ধরন, উভয় দেশের আইনে অপরাধ হিসেবে স্বীকৃতি এবং প্রয়োজনীয় বিচারিক নথির বিষয়ও বিবেচ্য। ফলে শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নটি শুধু পাসপোর্ট ইস্যুর মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি দুই দেশের আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্কিত।
বাংলাদেশ এর আগেও শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক কূটনৈতিক নোট পাঠিয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে পাঠানো ওই অনুরোধের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর বিষয়টি আবারও সামনে আনে ঢাকা। বাংলাদেশের অবস্থান হচ্ছে, তাঁকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় ও বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করতে হবে।
এদিকে, ভারতের কয়েকজন বিশ্লেষকও পাসপোর্টের আবেদনকে রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক উদ্যোগ হিসেবে দেখছেন। তাঁদের মতে, এর মাধ্যমে শেখ হাসিনা তাঁর সমর্থকদের কাছে দেশে ফেরার আগ্রহের বার্তা দিতে পারেন এবং আন্তর্জাতিক মহলে নিজেকে দেশে ফিরতে ইচ্ছুক ব্যক্তি হিসেবে তুলে ধরতে পারেন। আইন এবং ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাসপোর্ট ও এনআইডির আবেদনকে কেন্দ্র করে নতুন করে কূটনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। তবে পাসপোর্টের আবেদন করলেই দেশে ফেরার আইনি পথ তৈরি হবে না। শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নে বাংলাদেশের অবস্থান স্পষ্ট—পাসপোর্ট নয়, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছে ঢাকা। সূত্র: ইনকিলাব
