থেমে নেই নিষিদ্ধ আ.লীগের ককটেল ও আগুন সন্ত্রাস, নৈরাজ্য দমনে প্রশাসনের পাশে বিএনপিসহ রাজনৈতিক দল
পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনকে কেন্দ্র করে সারাদেশে ঝটিকা মিছিল, বাসে অগ্নিসংযোগ ও দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি করছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও দেশের বিভিন্ন জেলায় সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে কড়া অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে, আওয়ামী ফ্যাসিবাদের এই অপতৎপরতা ও আগুন সন্ত্রাস রাজপথে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে মাঠে তৎপর রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তি। গতকাল বুধবার (১১ নভেম্বর) ভোরেও থামেনি আওয়ামী নাশকতা। সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে পল্লবী থানাধীন কালশী রোডের ফুলকলি মোড়ে পার্কিং করে রাখা ‘বিকল্প পরিবহন’ ও ‘অভিজাত পরিবহন’ নামের আরও দুটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও তিনটিরও বেশি বাসের যন্ত্রাংশ পুড়ে গেছে।
এরআগে, গত মঙ্গলবার রাতে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও পার্কিং করে রাখা যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আসাদগেট, আদাবর, মহাখালী ও তেজগাঁও শিল্পাঞ্চলে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটায় গণহত্যাকারী আওয়ামী লীগের আত্মগোপনে থাকা সন্ত্রাসীরা। রাত সোয়া আটটার দিকে জাতীয় সংসদ ভবনের ১ নম্বর গেটসংলগ্ন মেসার্স তালুকদার ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেলে এসে দুজন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে জানান শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান। রাত ১০টার দিকে আদাবরের শেখেরটেকের ৯ নম্বর সড়কের ওয়ালটন প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরিত হয় বলে নিশ্চিত করেন আদাবর থানার ওসি শেখ জাহিদুল ইসলাম। এরপর রাত ১১টার কিছু আগে মহাখালী বাসস্ট্যান্ডে এবং রাত সাড়ে ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এস আর এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া গতকাল দিবাগত রাতে মিরপুরের জাতীয় চিড়িয়াখানার মূল ফটকের সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির বেশ কয়েকটি আসন ও বডির যন্ত্রাংশ পুড়ে ২-৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানায় ফায়ার সার্ভিস ও শাহ আলী থানা পুলিশ।
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টানা তিন দিন ধরে বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা নিয়ে গভীর উৎকণ্ঠা তৈরি হয়েছে। রোববার ও সোমবার ক্যাম্পাসের ছয়টি ভিন্ন স্থানে অন্তত আটটি ককটেল এবং সোমবার টিএসসি এলাকায় আরও একটি বিস্ফোরণ ঘটে।
মঙ্গলবার দুপুরে ব্যবসায় শিক্ষা অনুষদের একাডেমিক ভবনের সামনে ককটেল বিস্ফোরণে একজন আহত হন। এদিন দিবাগত রাত ১২টার দিকে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পেছন থেকে একটি জীবন্ত ককটেল উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ, যা পরে বোম ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করে।
এদিকে, ক্যাম্পাসে নিরাপত্তার অবনতি ও নিষিদ্ধ ছাত্রলীগের ধারাবাহিক ককটেল হামলার প্রতিবাদে রাজপথে নেমেছেন জুলাইপন্থী বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার ইবি ও ঢাবি ক্যাম্পাসে পৃথক বিক্ষোভ মিছিল করেছে বিএনপি সমর্থিত ছাত্রদল এবং জামায়াতে ইসলামী সমর্থিত ছাত্রশিবির। ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখায় ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন এবং ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির নেতৃত্বে দুটি পৃথক বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটক ও ঝাল চত্বরে গিয়ে শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ছাত্রদল, ছাত্রশিবির, বামপন্থী ছাত্রসংগঠন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব ও ছাত্র শাখাগুলো ককটেল হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে। কেবল রাজধানী নয়, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে গত সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত ব্যাপক অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ২৪ ঘণ্টার ব্যবধানে সারাদেশে অন্তত ১৯ থেকে ২২টি বাসে আগুন দেওয়া হয়েছে। দেশের অন্তত ২৮ থেকে ৩০টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। সংঘর্ষ ও হামলায় একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়াও, বেশ কিছু স্থানে অবিস্ফোরিত ককটেল উদ্ধার, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের মতে, রাজধানীতে এ পর্যন্ত সিআইডি কার্যালয়, আনসার সদর দপ্তর, পল্লবী থানা, রাজারবাগ পুলিশ লাইন্স গেটসহ অন্তত ১৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে মোটরসাইকেল থেকে বা উড়ালসড়ক থেকে কাটআউট পদ্ধতিতে এসব সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। সূত্র: ইনকিলাব
