রাবির সাংবাদিকতা বিভাগে সিজেনের রিজিওনাল ক্লাস্টার মিটিং
রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ‘কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্কের (সিজেডইএন) রিজিওনাল ক্লাস্টার মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২৩ নম্বর কক্ষে এই কর্মশালাভিত্তিক সভার আয়োজন করা হয়। ডয়চে ভেলে (ডিডব্লিউ) একাডেমি এবং সিজেন বাংলাদেশের সহায়তায় এই অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়। এতে রাবি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।শিক্ষার্থী ও তরুণ গবেষকদের গবেষণার অ্যাবস্ট্রাক্ট এবং রিসার্চ কনসেপ্ট নোট তৈরিতে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যেই এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৭ ও ২৮ নভেম্বর ঢাকার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠেয় ১১তম সিজেন নেটওয়ার্কিং কনফারেন্সে গবেষণাপত্র উপস্থাপনের প্রস্তুতি হিসেবে এ প্রশিক্ষণ দেওয়া হয়।সকাল সাড়ে ৯টায় উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মোজাম্মেল হোসেন বকুল। তিনি সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, শর্ট-ফর্ম ভিডিওর ব্যবহার ও ভুল তথ্যের মতো বিষয়গুলোকে সমসাময়িক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) উপ-উপাচার্য ও সিজেন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. জুড ডব্লিউ আর জেনিলো। তিনি বলেন, ২০১৮ সালে রাবিতে ‘রাজশাহী ডিক্লারেশন’-এর মধ্য দিয়ে সিজেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।যোগাযোগ, জ্ঞান বিনিময় ও যৌথ গবেষণা বাড়ানোই এ নেটওয়ার্কের লক্ষ্য।সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া প্রশিক্ষণ পরিচালনা করেন বিভাগের অধ্যাপক ড. মো. মশিহুর রহমান ও সহযোগী অধ্যাপক মামুন আব্দুল কাইয়ুম। তারা অ্যাবস্ট্রাক্ট লেখার কাঠামো, শব্দ সীমা ও গবেষণার উদ্দেশ্য তুলে ধরেন। পরে শিক্ষার্থীদের ২৫০ শব্দের অ্যাবস্ট্রাক্ট লেখার অনুশীলন করানো হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
