দুর্গাপুরে নারী ও শিশুকে পিটিয়ে জখম
দুর্গাপুর প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন বছরের এক শিশু ও তার মাকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় চারজনকে আসামি করে দুর্গাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে মামলা দায়েরের পরও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত ৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার জয়নগর ইউনিয়নের আনুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে গত ৮ নভেম্বর আহত শিশুর মা জলি বেগম (৪৫) বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলাটি দায়ের করেন মামলা নম্বর ৬।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জলি বেগমের তিন বছর বয়সী শিশু সন্তান রাফিউল ও প্রতিবেশী ইশা বেগমের (২৪) তিন বছর বয়সী সন্তানের মধ্যে খেলাকে কেন্দ্র করে ঝগড়া হয়। একপর্যায়ে ইশা বেগম সেখানে গিয়ে রাফিউলকে ধরে পাকা ঘরের দেয়ালের সঙ্গে আছাড় মারেন বলে অভিযোগ করা হয়েছে। এতে শিশুটির মাথায় আঘাত লাগে।পরে ছেলের কান্না শুনে মা জলি বেগম এগিয়ে গেলে ইশা বেগমের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইশা বেগম, তাঁর স্বামী সাগর আহমেদ ওরফে লালু, আবুল হোসেন (৬৫) ও মান্নান (৫০) জলি বেগমের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাঁকে মারধর করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এতে মা ও শিশু দুজনই আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।আহত শিশু রাফিউলের বাবা রবিউল ইসলাম বলেন, ‘আমার স্ত্রী ও শিশু সন্তানকে মারধর করে আহত করা হয়েছে। আমার সন্তানকেও তারা মেরে ফেলতে পারত। মানুষ এত নিষ্ঠুর হতে পারে! আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ তিনি আরও অভিযোগ করেন, মামলা দায়েরের পর প্রতিপক্ষের লোকজন প্রভাবশালীদের মাধ্যমে তাঁদের হুমকি-ধমকি দিচ্ছেন।এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, মারামারির ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলাটি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
