সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রীর

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে আওয়ামী লীগকে দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হেফাজতে ইসলাম দ্বীন ও দেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গতকাল শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় দুই দিনব্যাপী ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে প্রণীত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করা হবে। পাশাপাশি সংবিধানে ইসলামী মূল্যবোধের বিষয়গুলোও ধারণ করা হবে।

তিনি বলেন, সরকার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশের সব জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও হেফাজতে ইসলাম ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দ্বীন ও দেশের পক্ষে প্রতিবাদ অব্যাহত রেখেছিল। এ আন্দোলনে সংগঠনটির আমির আল্লামা শাহ মোহাম্মদ মহিব্বুল্লাহ বাবুনগরীসহ আলেম-ওলামারা নেতৃত্ব দিয়েছেন।

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ২৩ বছর সময় লেগেছিল। আর ফ্যাসিবাদী সরকারের হাত থেকে জনগণকে মুক্ত করতে ১৬ থেকে ১৭ বছর আন্দোলন করতে হয়েছে। এ সময়ে আলেম-ওলামা ও ছাত্রসমাজের অনেকে শহীদ হয়েছেন। অসংখ্য মানুষ গুম, হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন। সূত্র: কালবেলা

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট