শাহ মখদুম (রহ.) মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক
রাজশাহী মহানগরীর ৩নং ওয়ার্ডে অবস্থিত হযরত শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। গতকাল শুক্রবার জুমার নামাজ আদায় শেষে তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এ সময় তিনি মাদ্রাসা ও এতিমখানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে মাদ্রাসা ও এতিমখানার সার্বিক উন্নয়নে রাসিক প্রশাসকের সহযোগিতা কামনা করেন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এর পরিপ্রেক্ষিতে রাসিক প্রশাসক প্রতিষ্ঠানটির উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এরআগে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন নগরীর ৩ নম্বর ওয়ার্ডের দাশপুকুর বায়তুল ফালাহ্ জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজের পূর্বে মুসল্লীদের উদ্দেশে বক্তৃত্বা করেন। বক্তব্যে রাসিক প্রশাসক নগরীর পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। এ সময় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ সুমন, খতিব মাওলানা রবিউল ইসলাম ও কোষাধ্যক্ষ ইয়াসিন আলী, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
