ভারতের ভোটার তালিকায় তিন কোটি বাংলাদেশি, দাবি অমিত শাহের
ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করে কংগ্রেস মূলত ‘অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রক্ষা করার চেষ্টা’ করছে। অমিত শাহের দাবি, ভোটার তালিকায় থাকা ৬ কোটি ২৫ লাখ মানুষ নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছেন, প্রায় ৩ কোটি ভোটার মারা গেছেন এবং প্রায় ১ কোটি নাম একাধিকবার তালিকাভুক্ত ছিল। বাকি ৩ কোটি ভোটারের কোনো অস্তিত্ব নেই।তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী।সোমবার (২ নভেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লির রামলীলা ময়দানে রাহুল গান্ধীর বড় সমাবেশের একদিন পর এসব কথা বলেন অমিত শাহ। তিনি বলেন, ভোটার তালিকা থেকে ১৩ কোটি ভোটারের নাম বাদ দেওয়ার যে অভিযোগ বিরোধীরা তুলেছে, তার প্রকৃত চিত্র ভিন্ন। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কংগ্রেস ভুয়া ভোটের মাধ্যমে নির্বাচন দখল করতে চায়।একজনের যদি দুটি ভোট থাকে, তাহলে একটি বাতিল করা উচিত কি না? এবার আসি ‘রাহুল বাবার’ পেটব্যথার কারণ প্রসঙ্গে। তিন কোটি ভোট এমন মানুষের, যাদের কোনো অস্তিত্বই নেই। তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী।তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডিকেও আক্রমণ করেন অমিত শাহ। তিনি বলেন, রাহুল গান্ধীর সঙ্গে মিলে যত চেষ্টাই করা হোক না কেন, বিজেপি ভোটার তালিকা থেকে প্রত্যেক অনুপ্রবেশকারীর নাম বাদ দেওয়া এবং তাদের দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করবে।এসআইআর নিয়ে রাহুল গান্ধীর আরেকটি বক্তব্যের জবাবও দেন অমিত শাহ। রাহুলের দাবি ছিল, এসআইআরের কারণে নরেন্দ্র মোদী নির্বাচনে জয়ী হয়েছেন। এর জবাবে অমিত শাহ বলেন, ২০১৪ সালে মোদী জয়ী হয়েছিলেন, তখন তো এসআইআর ছিল না। ২০১৯ সালেও এসআইআর ছাড়াই তিনি জয়ী হয়েছেন। মোদী জনগণের ভোটেই জয়ী হয়েছেন।তিনি আরও বলেন, ২০২৪ সালের পর মহারাষ্ট্রে বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। হরিয়ানাতেও বড় ব্যবধানে জয় এসেছে। ৩০ বছর পর দিল্লিতে জয় পেয়েছে দলটি। বিহারেও বড় ব্যবধানে জিতেছে বিজেপি। পশ্চিমবঙ্গেও ‘দিদির পুরো রাজনৈতিক অবস্থান মুছে গেছে’ বলে মন্তব্য করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।অমিত শাহের অভিযোগ, কংগ্রেস ও তাদের মিত্ররা এসআইআরের বিরোধিতা করছে, কারণ অনুপ্রবেশকারীরা তাদের ভোটব্যাংক। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মীরা এসআইআরের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, এ দেশে শুধু এ দেশের নাগরিকরাই ভোট দিতে পারবেন।এসআইআরের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রচারের পাল্টা কর্মসূচির অংশ হিসেবে সোমবার হায়দরাবাদে বিজেপির দেশব্যাপী প্রচারাভিযানের অংশ হিসেবে ‘মহা পদযাত্রা’য় নেতৃত্ব দেন অমিত শাহ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
