নগরীতে শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম কাজের আশায় সাইকেল নিয়ে অপেক্ষা, দিন শেষে অনিশ্চয়তা

স্টাফ রিপোর্টার

ভোরের আলো ফুটতেই সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন তাঁরা। গন্তব্য রাজশাহী মহানগরীর মালদা কলোনির বউ বাজার। উদ্দেশ্য একটাই—সেদিনের জন্য একটি কাজ জোগাড় করা। কাজ মিললে চুলায় হাঁড়ি চড়বে, পরিবারের মুখে উঠবে খাবার; আর কাজ না পেলে? সেদিনের সংসার কীভাবে চলবে—এই দুশ্চিন্তা নিয়েই ফের বাড়ি ফিরতে হয় তাঁদের।

রাজশাহী মহানগরীর মালদা কলোনির বউ বাজারে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে প্রায় ৬০ থেকে ৭০ জন শ্রমজীবী মানুষ কাজের সন্ধানে এসে জড়ো হন। কেউ নির্মাণশ্রমিক, কেউ রাজমিস্ত্রির সহকারী, আবার কেউবা দিনমজুর। বাজারের পাশে সাইকেল রেখে কিংবা গাছের ছায়ায় বসে অপেক্ষায় কাটে তাঁদের দিনের একটি বড় সময়। কারও চোখে থাকে কাজ পাওয়ার প্রত্যাশা, আবার কারও মুখে সংসারের চিন্তার গভীর ছাপ।

প্রতিদিন তো আর কাজ জোটে না। কখনো কাজ থাকে, কখনো থাকে না। বিশেষ করে ‘ডাল সিজনে’ বা কাজের মন্দা মৌসুমে কাজের পরিমাণ কমে গেলে এই শ্রমজীবীদের দুশ্চিন্তা বহুগুণ বেড়ে যায়। যেদিন কাজ জোটে, সেদিনের উপার্জনেই কোনোমতে চলে সংসার। আর কাজ না পেলে অভাব মেটাতে হয় আগের দিনের জমানো টাকা খরচ করে কিংবা ধারদেনা করে। রাজশাহীর হুজুরিপাড়া ইউনিয়নের ধর্মঘাটা এলাকার বাসিন্দা শামীম। জীবনের নানা টানাপোড়েনের মধ্যেও প্রতিদিন কাজের সন্ধানে তাঁকে বের হতে হয়। তাঁর মতে, জীবন থেমে না থাকলেও পেটের ক্ষুধা থেমে থাকে না।

একই এলাকার আরেক বাসিন্দা হারুন অর রশিদের পরিবারেও রয়েছে নানা লড়াই। তাঁর এক ছেলে স্কুলে পড়ছে এবং প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও মেয়ে এইচএসসি পাস করেছে। প্রতিকূলতার মধ্যেও মেয়ের এই শিক্ষাগত অর্জন যেমন গর্বের, তেমনি সন্তানদের ভবিষ্যৎ ও সংসারের খরচ জোগানো তাঁর জন্য এক বড় চ্যালেঞ্জ। প্রতিদিনের কাজ তাঁর কাছে পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার এক কঠিন লড়াই।

অন্যদিকে, মথুরডাঙ্গা এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম পেশায় রাজমিস্ত্রির হেড। মৌসুমভেদে কাজের সংকট তাঁকেও ভীষণ ভোগায়। তাঁর কথায়, ‘ডাল সিজনে কাজকর্ম কমে যায়, নিয়মিত উপার্জন থাকে না। অথচ সংসারের খরচ তো আর মৌসুম বুঝে আসে না।’ চাল-ডাল কেনা থেকে শুরু করে দৈনন্দিন চাহিদা মেটানো—সবকিছুই সামলাতে হয় সীমিত ও অনিশ্চিত আয়ে।

এই শ্রমজীবী মানুষগুলোর জীবন যেন প্রতিদিনের এক অনিশ্চিত হিসাব। সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় জানা থাকে না, দিন শেষে পকেটে কত টাকা নিয়ে ফিরবেন। নিয়মিত বেতনের নিশ্চয়তা নেই, মাস শেষে নির্দিষ্ট আয়ের ভরসা নেই। অসুস্থ হলে কিংবা কয়েক দিন কাজ বন্ধ থাকলে সংসার চালানো হয়ে পড়ে আরও দুর্বিষহ।

তবুও থেমে থাকার কোনো সুযোগ নেই। কারণ, তাঁদের ঘরে কেউ অপেক্ষা করেন খাবারের জন্য, কেউ সন্তানের পড়াশোনার খরচের আশায়, আবার কেউ পরিবারের নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটানোর টানে।

মালদা কলোনির বউ বাজারে সাইকেল নিয়ে বসে থাকা এই মানুষগুলোকে দেখলে হয়তো একটি সাধারণ দৃশ্য বলেই মনে হবে। কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে অসংখ্য পরিবারের বেঁচে থাকার অদম্য সংগ্রাম। প্রতিটি সাইকেলের সঙ্গে যেন বাঁধা রয়েছে একেকটি সংসারের দায়িত্ব, আর প্রতিটি অপেক্ষার সঙ্গে জড়িয়ে আছে একমুঠো ভাতের আকুতি।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট