রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৫২
স্টাফ রিপোর্টার
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. আব্দুল হাসিব (২৮) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ৫২ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩০ জন। গতকাল রোববার (২৫ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত আব্দুল হাসিব চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন ছাত্র ছিলেন। ডেঙ্গু শক সিনড্রোমে তার মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, আব্দুল হাসিব শনিবার সকালে ১০টা ১২ মিনিটে হাসপাতালে ভর্তি হন। একই দিন সকাল ১০টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। রোববার হাসপাতালের ডেঙ্গুবিষয়ক সর্বশেষ তথ্যে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩০ জন এবং ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২০১ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সূত্র: ইনকিলাব
